ইলিশ রক্ষায় মেঘনায় বালু উত্তোলন বন্ধে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের চিঠি
ইলিশ রক্ষায় মেঘনা নদীতে অপরিকল্পিতভাবে ড্রেজার দিয়ে বালু তোলা বন্ধ করতে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট চাঁদপুর জেলা প্রশাসনকে চিঠি দিয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের চাঁদপুর নদীকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হারুনর রশিদ গবেষকদের মতামতের ভিত্তিতে এ চিঠি দেন।
চিঠিতে বলা হয়, দীর্ঘদিন ধরে চাঁদপুরের মেঘনা নদীর ষাটনল থেকে চর আলেকজান্ডার পর্যন্ত কয়েকজন ও কিছু প্রতিষ্ঠান সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে অপরিকল্পিতভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে। এতে ইলিশের বৃহত্তম বিচরণক্ষেত্র, অভয়াশ্রম নষ্টসহ নদীর জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে ইলিশের প্রধান প্রজনন মৌসুমেও চাঁদপুর অংশে ইলিশের প্রজনন ও বিচরণ সম্প্রতি মারাত্মকভাবে হ্রাস পেয়েছে।
এ কারণে ইলিশ সম্পদ রক্ষা ও ইলিশের আবাসস্থল নিরাপদ করতে মেঘনা নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।
এ বিষয়ে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের চিঠি তিনি পেয়েছেন। ইতিমধ্যে জাটকা ও ইলিশ রক্ষার জন্য আপাতত দুই মাস (মার্চ–এপ্রিল) মেঘনা নদীতে বালু উত্তোলন বন্ধ থাকবে। জেলা টাস্কফোর্স কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বালু উত্তোলন বন্ধের বিষয়ে পানিসম্পদ মন্ত্রণালয়েও দ্রুত চিঠি পাঠানো হবে। একই সঙ্গে পানিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগকেও চিঠি দেওয়া হবে।