ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষক হত্যা ও লাঞ্ছনার ঘটনায় ছয় শিক্ষকের প্রতিবাদ। মঙ্গলবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে
ছবি: প্রথম আলো

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যা এবং নড়াইলের মির্জাপুর ইউনাইটেড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত করার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষক।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে তাঁরা প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

প্রতিবাদে অংশ নেওয়া শিক্ষকেরা হলেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক পরেশ চন্দ্র বর্মণ, একই বিভাগের অধ্যাপক তপন কুমার জোদ্দার, সহযোগী অধ্যাপক বিকাশ চন্দ্র সিং ও সহকারী অধ্যাপক জসিম উদ্দিন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আহসানুল আম্বিয়া, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম।

আরও পড়ুন

শিক্ষকেরা জানান, সকালে অধ্যাপক পরেশ চন্দ্র বর্মণ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তিনি শিক্ষক হত্যা ও লাঞ্ছনার ঘটনায় বঙ্গবন্ধু ম্যুরালের পাদদেশে প্রতিবাদ করবেন বলে জানান। ওই স্ট্যাটাস দেখে বাকি পাঁচ শিক্ষক তাঁর সঙ্গে যোগ দেন। প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষকেরা একে একে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

বক্তারা বলেন, করপোরেট শিক্ষাব্যবস্থা দিয়ে জাতির উন্নতি সম্ভব না। অবশ্যই নৈতিকতা ও অনুশাসন থাকতে হবে। একজন শিক্ষার্থী একজন শিক্ষককে আঘাত করতে পারে, এটা তাঁরা কখনোই কল্পনা করতে পারেন না। যে শিক্ষাব্যবস্থায় শিক্ষকেরা দায়িত্ব পালন করতে গিয়ে অনুশাসন করার অধিকার রাখেন না, সেই শিক্ষাব্যবস্থার প্রয়োজন কী—প্রশ্ন রাখেন তাঁরা। শিক্ষকেরা মনে করেন, এটা শিক্ষার অভাব নয়, এটা সামগ্রিক সমাজব্যবস্থার সমস্যা। তাঁরা চান, সমাজসংস্কার হোক, সাধারণ মানুষের বোধগুলো জাগ্রত হোক। এ জন্য শুরুটা পরিবার থেকেই করতে হবে।

আরও পড়ুন

শিক্ষকেরা আরও বলেন, পুলিশের সামনে একজন শিক্ষককে জুতার মালা পরাতে হবে, এটা কোন ধরনের রীতি। এ ধরনের নোংরা কাজ শিক্ষার্থীরা করছে নাকি শিক্ষার্থীদের দিয়ে করানো হচ্ছে, সেটি খুঁজে বের করতে হবে। পাশাপাশি তাঁরা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ছাত্র-শিক্ষক সম্পর্ক উন্নয়ন, পারিবারিক শিক্ষা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার প্রতি গুরুত্বারোপ করেন। দ্রুত সময়ের মধ্যে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অধ্যাপক পরেশ চন্দ্র বর্মণ রাতে প্রথম আলোকে বলেন, নিজের বিবেকের তাড়নায় প্রতিবাদ করতে এগিয়ে এসেছেন। হয়তো অনেকের মনেও প্রতিবাদ হচ্ছে। তাঁর সঙ্গে আরও কয়েকজন শিক্ষক এগিয়ে এসেছেন। দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক ভালো রাখতে হবে।

আরও পড়ুন