এক দিনের ব্যবধানে চলনবিলে ভেসে উঠল আরও এক লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

পাবনার চাটমোহর উপজেলার চলনবিলের হান্ডিয়াল এলাকা থেকে এক দিনের ব্যবধানে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে হান্ডিয়ালের গৌরনগর এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। তবে বিকেল পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। ওই তরুণের বয়স আনুমানিক ১৮ বছর।

এর আগে শুক্রবার দুপুরে একই এলাকার চাটমোহর-মান্নাননগর সড়কের দরাপপুর ব্রিজের পাশে বিলের পানিতে ভাসমান অবস্থায় ইমন হাসান (১৬) নামের এক কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। ইমন পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক। ইমন বুধবার রাতে অটোরিকশাসহ নিখোঁজ হয়। এর এক দিন পর শনিবার দরাপপুর ব্রিজ থেকে প্রায় আধা কিলোমিটার দূরে গৌরনগর এলাকা থেকে আরেকটি লাশ উদ্ধার হলো।

স্থানীয় লোকজন জানান, শনিবার দুপুর ১২টার দিকে গৌরনগরের বায়তুল ইব্রাহিম নতুন জামে মসজিদ ঘাটের কাছে লাশটি ভাসছিল। এরপর তাঁরা থানায় খবর দিলে পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

আরও পড়ুন

হান্ডিয়াল পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) এস এম নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশটি প্রায় অর্ধগলিত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে কেউ তাঁকে হত্যার পর বিলের পানিতে ভাসিয়ে দিয়েছে। নিহত তরুণের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।