এবার উল্টো সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ মেয়রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্গাপুরের সাংবাদিক রিফাত আহমেদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন স্থানীয় পৌরসভার মেয়র মো. আলাউদ্দিন। আজ দুপুরে দুর্গাপুর প্রেসক্লাবে
ছবি: প্রথম আলো

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সাংবাদিক রিফাত আহমেদকে ডেকে নিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল পৌরসভার মেয়র মো. আলাউদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরির (জিডি) পাশাপাশি প্রতিবাদে হয়েছে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও প্রতীকী সড়ক অবরোধ।

এবার উল্টো সাংবাদিক রিফাতের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনেছেন মেয়র মো. আলাউদ্দিন। আজ রোববার দুপুরে দুর্গাপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, বালুর ইজারাদার অঞ্জন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে মেয়র আলাউদ্দিন বলেন, ‘রিফাত বালুর ট্রাক ও সীমান্ত এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিলেন। এ ছাড়া সম্প্রতি তিনি ফেসবুকে একটি আপত্তিকর পোস্ট দিয়েছেন, যাতে কারও নাম উল্লেখ না করা হলেও পরোক্ষভাবে আমাকেই ইঙ্গিত করা হয়েছে। এসব কারণে ভাতিজা সম্পর্কের রিফাতকে চেম্বারে ডেকে এনে শাসন করেছি।’ তবে বালুর ট্রাক ও সীমান্ত এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে রিফাত কখন, কীভাবে চাঁদা দাবি করেছেন, সাংবাদিকদের এ প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি মেয়র।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রিফাত আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমাকে হত্যার হুমকি দেওয়ার বিষয়টি আড়াল করতেই মেয়র এখন আমার নামে চাঁদা দাবির অভিযোগ তুলে মিথ্যা নাটক তৈরি করেছেন। আমি চাঁদাবাজি করি কি না, তা দুর্গাপুরের যাঁরা আমাকে চেনেন, তাঁরা সবাই জানেন।’

আরও পড়ুন

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিবছর জেলা প্রশাসন থেকে সোমেশ্বরী নদীর পাঁচটি বালুমহাল ইজারা দেওয়া হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতাদের একটি চক্রের সদস্যরাই এ ইজারা পেয়ে আসছেন। অভিযোগ আছে, ওই চক্রের প্রধান পৌর মেয়র আলাউদ্দিন। প্রশাসনকে ম্যানেজ করে নিয়মনীতি লঙ্ঘন করে ইজারাদারেরা বেপরোয়াভাবে বালু উত্তোলন করেন। সহস্রাধিক ড্রেজার বসিয়ে বালু তোলা হয়। হাজার হাজার ট্রাক ও লরি দিয়ে বালু পরিবহন করার ফলে পৌর শহরের প্রধান সড়কসহ সব রাস্তা ভেঙে গেছে। ভেজা বালুর ফলে সারা বছর রাস্তায় কাদা থাকে। এ বিষয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

একাত্তর টিভি ও দৈনিক নয়া শতাব্দীর দুর্গাপুর প্রতিনিধি রিফাত আহমেদও বিষয়টি নিয়ে কয়েকটি প্রতিবেদন করেন। এরপর গত বুধবার সন্ধ্যায় ফেসবুকে এ–সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে রিফাতকে বাসায় ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন মেয়র আলাউদ্দিন। এ সময় তাঁকে বালুর নিচে পুঁতে মেরে ফেলার হুমকি দেন মেয়র। ওই ঘটনার ধারণ করা ৯ মিনিট ৩৫ সেকেন্ডের একটি অডিওতে শোনা যায়, একজনকে লাঠি আনার নির্দেশ দিচ্ছেন মেয়র। রিফাতকে এলাকাছাড়া করারও হুমকি দেন তিনি। এরপর গত বৃহস্পতিবার রাতে মেয়র ও তাঁর লোকজন রিফাতের বাবা রফিকুল ইসলামকে ডেকে নিয়ে হুমকি দেন। ওই দিন গভীর রাতে রিফাতের বাসার গেট ও সামনের দোকানে ভাঙচুর করা হয়। এ ঘটনায় গত শুক্রবার দুপুরে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এই সাংবাদিক।

এসব ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার দুপুরে জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও প্রতীকী সড়ক অবরোধ করা হয়। এ ছাড়া সোমেশ্বরী নদীকে রক্ষা ও বালুখেকোদের শাস্তির দাবি জানিয়ে ১৫ জন বিশিষ্ট নাগরিক গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়েছেন।

আরও পড়ুন

দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান বলেন, রিফাত আহমেদের অভিযোগটি তদন্ত করতে আদালতের অনুমতি চাওয়া হয়েছে।