এসআইকে ধাক্কা দেওয়া গাড়িটি এখনো শনাক্ত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীর আলম
ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমকে (৪৫) ধাক্কা দেওয়া গাড়িটি এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত একটার দিকে মহাসড়কে দায়িত্বরত অবস্থায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় জাহাঙ্গীর আলম নিহত হন। পুলিশ বলছে, দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের মাধ্যমে ওই গাড়ি শনাক্তের চেষ্টা চলছে।

এসআই জাহাঙ্গীর আলম শেরপুরের সদর উপজেলার এতাবিয়া গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে। তিনি কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। জাহাঙ্গীর ১৯৯৬ সালে পুলিশে যোগ দেন। এরপর গত বছরের ডিসেম্বর মাসে তিনি দাউদকান্দি হাইওয়ে থানায় যোগ দিয়েছিলেন। জাহাঙ্গীর নিহতের ঘটনায় আজ শনিবার বিকেলে দাউদকান্দি হাইওয়ে থানার কনস্টেবল আবু নাছের বাদী হয়ে সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা করেছেন।

দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিশ্বরোড ফায়ার সার্ভিস স্টেশন-সংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় জাহাঙ্গীর আলম মহাসড়কে টহল পুলিশের দায়িত্ব পালন করছিলেন। রাতে অতিরিক্ত যানবাহনের চাপে মহাসড়কের দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা থেকে রাজারহাট পর্যন্ত প্রায় চার কিলোমিটার অংশে যানজটের সৃষ্টি হয়।

হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবদুস সোবহান প্রথম আলোকে বলেন, মহাসড়কের দক্ষিণ পাশে টহল পুলিশের পিকআপ ভ্যানটি রাখা ছিল। ওই ভ্যানের পাশে কনস্টেবল আবু নাছের, সবুজ আখন্দ ও পিকআপ ভ্যানের চালক কনস্টেবল জাকির হোসেন মহাসড়কের দক্ষিণ পাশে ছিলেন। যানজট নিরসনে সড়কের উল্টো পথে যানবাহন চলাচল ঠেকাতে মহাসড়কের উত্তর পাশে জাহাঙ্গীর আলম একা দাঁড়িয়ে ছিলেন। এ সময় কুমিল্লাগামী অজ্ঞাত একটি গাড়ি জাহাঙ্গীরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে সহকর্মীরা জাহাঙ্গীরকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সুলতান উদ্দিন বলেন, মহাসড়ক অন্ধকার থাকায় কোন ধরনের গাড়ি জাহাঙ্গীরকে চাপা দিয়েছে, তা এখনো আঁচ করা যাচ্ছে না। দুর্ঘটনাস্থলে কোনো ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরাও ছিল না। তবে দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের মাধ্যমে গতকাল রাত থেকেই ওই গাড়ি সম্পর্ক তথ্য সংগ্রহ করা হচ্ছে। দুঘর্টনার সময়ের কোনো ভিডিও বা ছবি আছে কি না, তা–ও খোঁজা হচ্ছে। শিগগির ওই গাড়ি শনাক্তের পাশাপাশি চালককে ধরা হবে বলে আশা করছেন তিনি।

আরও পড়ুন

এদিকে আজ শনিবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে জাহাঙ্গীরের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত শেষে দুপুরে জাহাঙ্গীরের লাশ দাউদকান্দি হাইওয়ে থানায় আনা হয়। এর আগে জাহাঙ্গীরের মৃত্যুর খবর পেয়ে তাঁর স্ত্রী আলেয়া পারভীন, সদ্য এসএসসি উত্তীর্ণ ছেলে আবির হোসেন, অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ে জুঁই আক্তার থানায় আসেন। বেলা সোয়া দুইটায় দাউদকান্দি হাইওয়ে থানার সামনে জাহাঙ্গীরের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর জাহাঙ্গীরের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে, নিহত জাহাঙ্গীর আলম ঢাকার সানারপাড়ের সাইনবোর্ড এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রী-সন্তানদের নিয়ে থাকতেন। ছেলেমেয়েরা সেখানেই লেখাপড়া করতেন।