‘ডাক্তারবাবু বলিছে সিট খালি নাই, এখুন হামরা কুথায় যাব?’
তিন ঘণ্টা অপেক্ষার পর ২৫০ শয্যার জেলা হাসপাতালের সাধারণ ওয়ার্ডে শ্বাসকষ্ট নিয়ে গতকাল শুক্রবার দুপুরে ভর্তি হওয়া দিপেন টুডুর (৪০) অবস্থার উন্নতি হয়নি। তাঁকে করোনা ওয়ার্ডে অথবা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য বলেছেন হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক। কিন্তু করোনা ওয়ার্ডে শয্যা খালি না থাকায় সেখানে ভর্তির সুযোগ পাননি দিপেন টুডু। অন্যদিকে রাজশাহী যাওয়ার সামর্থ্য নেই পরিবারের। তারপরও সেখানে গিয়ে ভর্তি হতে পারবেন কি না, সে শঙ্কায় স্বজনেরা।
আজ শনিবার বেলা একটায় হাসপাতালের সাধারণ ওয়ার্ডে গিয়ে দেখা যায়, সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন দেওয়া হচ্ছে দিপেন টুডুকে। কর্তব্যরত নার্স প্রথম আলোকে বলেন, ‘সিলিন্ডারের মাধ্যমে যে মাত্রায় অক্সিজেন দেওয়া যাচ্ছে, তাতে রোগীর কোনো উন্নতি হচ্ছে না। পরিদর্শনে এসে মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক বলেছেন হাসপাতালের করোনা ওয়ার্ড বা রাজশাহীতে নিয়ে যেতে। তাই তাঁকে স্থানান্তর করার জন্য বলছি আমরা। আমাদের করার কিছু নেই।’
করোনা ওয়ার্ডে গেছিনু। ডাক্তারবাবু বলিছে ভর্তি লিতে পারব না। সিট খালি নাই। এখুন হামরা কী করিবো? কুথায় যাব?
দিপেন টুডুর বাবা বিজলু টুডু (৭০) বলেন, ‘করোনা ওয়ার্ডে গেছিনু। ডাক্তারবাবু বলিছে ভর্তি লিতে পারব না। সিট খালি নাই। এখুন হামরা কী করিবো? কুথায় যাব? গরিব মানুষ, রাজশাহী লিয়া কেমুন কোরে যাব? হামরা তো গরিব মানুষ! বড়ই বিপদেত পড়নু।’
করোনা ওয়ার্ডের তথ্য কর্মকর্তা আহনাব শাহরিয়ার বলেন, ওয়ার্ডে ৭২টি শয্যার বিপরীতে ভর্তি আছেন ৭৫ জন। খালি না হলে ভর্তি নেওয়া যাবে না।
মেডিসিন বিশেষজ্ঞ আবদুল মজিদ এ প্রসঙ্গে বলেন, ‘রোগী এখানে থেকে অক্সিজেনের অভাবে মারা গেলে আমাদেরই দোষারোপ করবেন স্বজনেরা। এ ছাড়া রোগীর অক্সিজেন স্যাচুরেশন অবস্থা ভালো না। এ জন্যই স্বজনদের রোগীকে রাজশাহী নিয়ে যেতে বলেছি।’
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কোল জনগোষ্ঠীর গ্রাম ফিল্টিপাড়ার বাসিন্দা দিপেন টুডু আট দিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। শুক্রবার সকালে শহরের বেসরকারি হাসপাতাল পদ্মা ক্লিনিকে নিয়ে গিয়েছিলেন পরিবারের সদস্যরা। সেখানে মেডিসিন বিশেষজ্ঞ আবু শাহিনকে দেখানো হয়। তিনি দিপেন টুডুকে করোনা সন্দেহভাজন রোগী চিহ্নিত করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হতে বলেন। কিন্তু সেখানে ভর্তির সুযোগ না পাওয়ায় হাসপাতালের সাধারণ ওয়ার্ডে ভর্তির জন্য তিন ঘণ্টা ধরে অপেক্ষা করেন। কিন্তু ভর্তি সুযোগ পাচ্ছিলেন না। অবশেষে বিএমএর একজন নেতার সুপারিশে ভর্তির সুযোগ পান তিনি।