কলাপাড়ায় ভেসে এল মৃত সবুজ কচ্ছপ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রাবনাবাদ চ্যানেলের বুড়োজালিয়া পয়েন্টে একটি মৃত সবুজ কচ্ছপ (গ্রিন সি টার্টেল) ভেসে এসে আটকা পড়ে। আজ বুধবার দুপুরের জোয়ারে কচ্ছপটি ভেসে আসে। তবে সেটি উদ্ধারের আগে জোয়ারের পানিতে কচ্ছপটি আবার ভেসে যায়। স্থানীয় জেলেসহ অনেকেই কচ্ছপটি দেখেন ও মুঠোফোনে ছবি তুলে রাখেন।
প্রত্যক্ষদর্শী জেলেরা জানান, সাগরে মাছ ধরা ট্রলিং জালে (বিশেষ ধরনের জাল) আটকে কচ্ছপটি মারা গেছে। কারণ, কচ্ছপটির শরীরে জাল প্যাঁচানো ছিল। কচ্ছপটির ওজন আনুমানিক ৩৫ কেজি হতে পারে বলে তাঁরা জানান।
জেলেরা বলেন, তাঁরা প্রথমে নদীর চরে কচ্ছপটি মৃত অবস্থায় দেখতে পান। এর আগে এই জেলেপল্লিতে এমন কচ্ছপ দেখা যায়নি।
মৎস্য ও প্রাণী গবেষক সাগরিকা স্মৃতি প্রথম আলোকে বলেন, মৃত কচ্ছপটির বৈজ্ঞানিক নাম Chelonio Mydos। সামুদ্রিক এই সবুজ কচ্ছপটি তিন শ কেজি পর্যন্ত ওজনের হয় এবং পাঁচ ফুট পর্যন্ত লম্বা হয়। তিনি বলেন, কলাপাড়ার সমুদ্র উপকূলে এবারই প্রথম গ্রিন সি টার্টেল দেখা গেল, যদিও সেটি মৃত। ধারণা করা হচ্ছে, সমুদ্রে মাছ ধরার জালে কচ্ছপটি আটকা পড়ে। যত্ন করে ছাড়িয়ে দিলে মারা যেত না। জেলেরা জালসহ কেটে কচ্ছপটি ভাসিয়ে দিয়েছিলেন।