কাজের সন্ধানে লকডাউন ভেঙে ছুটছেন চাঁপাইনবাবগঞ্জের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকাসহ বিভিন্ন স্থানে যাওয়ার জন্য অপেক্ষা করছেন চাঁপাইনবাবগঞ্জের মানুষেরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহী রেলস্টেশনের সামনে
ছবি: শহীদুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জ সদরের বারঘরিয়া ইউনিয়ন থেকে হেঁটে, অটোরিকশাযোগে রাজশাহীতে এসেছেন সাদিকুল ইসলাম (৫৫)। খুব ভোরে যাত্রা শুরু করে বেলা আড়াইটার দিকে রাজশাহীতে পৌঁছান তিনিসহ আরও সাতজন। সাদিকুল ইসলামের পরিবারের সদস্য ৫। ঘরে কয়েক দিন তেমন খাবার নেই। ধারদেনাও হয়ে গেছে।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চাঁপাইনবাবগঞ্জ জেলায় লকডাউন চলছে। এর মধ্যেই ঝুঁকি নিয়ে বের হওয়ার বিষয়ে প্রশ্ন করলে সাদিকুল বলেন, এই বয়সে ঝুঁকি নিয়ে বাইরে কাজ করতে যেতে তিনি চান না। কিন্তু পেটের দায় তা মানে না। তাঁর দলের সবাই রাজমিস্ত্রির কাজ করেন। কাজের সন্ধানে নোয়াখালীর সোনাইমুড়ী যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছেন।

সাদিকুলের এই দলে বাকি ছয়জনের বয়স ১৫ থেকে ২৫ হবে। এরা কেউ লেখাপড়া করে, কেউ পরিবারের আর্থিক অস্বচ্ছলতার কারণে অনেক আগেই লেখাপড়া ছেড়েছেন। এই দলের মো. সুমন (১৬) বলে, কাজ করলেই খাবার জুটবে। তাই কাজেই যাচ্ছেন। করোনা তো সব শেষ করে দিয়েছে।

সুমন–সাদিকুলের মতো প্রতিদিন কয়েক শ মানুষ লকডাউন ভেঙে বিভিন্ন উপায়ে রাজশাহীতে আসছেন। পরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাসযোগে তাঁরা কাজের সন্ধানে বেরিয়ে পড়ছেন। তাঁদের বেশির ভাগই বলছেন, অভাব-অনটনে পড়ে তাঁরা কাজের খোঁজে এলাকা ছাড়ছেন।

কাজের সন্ধানে বের হওয়া মানুষদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা চাঁপাইনবাবগঞ্জ থেকে বিভিন্ন কৌশলে রাজশাহীর সীমান্তবর্তী উপজেলা গোদাগাড়ীতে আসেন। গোদাগাড়ী পার হয়ে নগরের দামকুড়া, কাশিয়াডাঙ্গা হয়ে তাঁরা রাজশাহী শহরের রেলস্টেশনসংলগ্ন শিরোইল এলাকায় ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় আসেন। সেখান থেকে ছোটেন নিজ নিজ গন্তব্যে। তাঁরা সাধারণত রাতের বেলায় চাঁপাইনবাবগঞ্জ থেকে বের হন।

গোদাগাড়ী, দামকুড়া ও কাশিয়াডাঙ্গা থানা–পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ মে বিশেষ লকডাউন শুরু হওয়ার পর থেকে তাঁরা সংশ্লিষ্ট এলাকায় মজবুত করে তল্লাশিচৌকি বসিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের মানুষকে ঠেকানোর জন্য এলাকার মানুষকে সচেতন করেছেন। কিন্তু তবু বিভিন্ন পায়ে হাঁটা পথে, পকেট পথে নানা কৌশলে তাঁরা রাজশাহী এসে দেশের বিভিন্ন জেলায় যাচ্ছেন।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, গোদাগাড়ী হয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন স্বাভাবিক সময়ে। এখনো মানুষের স্রোত আসছে। তাঁরা তাঁদের চেকপোস্ট থেকে বুঝিয়ে-শুনিয়ে প্রতিদিন অসংখ্য মানুষকে ফিরিয়ে দিচ্ছেন। তবু ফিরে গিয়ে আবার তাঁরা অন্য উপায়ে রাজশাহীতে ঢুকছেন। নগরের দামকুড়া থানার ওসি মাহবুব আলম বলেন, তাঁর থানা–পুলিশ গত ১০ দিনে অন্তত তিন শ থেকে চার শ মানুষকে চাঁপাইনবাবগঞ্জে ফেরত পাঠিয়েছেন। কাশিয়াডাঙ্গা থানার ওসি এস এম মাসুদ পারভেজ জানান, তাঁরা এই কয়েক দিনে চাঁপাইনবাবগঞ্জের কয়েক শ মানুষকে ফিরিয়েছেন। গত বুধবার রাতে একসঙ্গে তাঁরা ৪৬ জন মানুষকে চাঁপাইনবাবগঞ্জে ফেরত পাঠিয়েছেন।

নগরের শিরোইল বাসস্ট্যান্ডে একটি বাস কাউন্টারের ভেতরের একটি ঘরে বসেছিলেন শফিকুল ইসলাম (৫০), মো. আলম মিয়া (৪৫) ও মো. বাবুল (৪০)। তাঁরা চাঁপাইনবাবগঞ্জঘেঁষা গোদাগাড়ীর আমনুড়া মাস্টারপাড়া এলাকা থেকে রাজশাহীতে এসেছেন। তাঁরা তিনজনেই ঢাকায় ‘হরেক রকম মাল’ ফেরি করে বিক্রি করতেন। করোনার পর থেকে দেড় বছর ধরে নিজেদের এলাকাতেই কিছু করতে চেয়েছিলেন। কিন্তু আর পারছেন না। ইতিমধ্যে ধারদেনাও করে ফেলেছেন। তাঁরা তিনজনই নদীভাঙনের শিকার হয়ে সরকারি জায়গায় পরিবার-পরিজন নিয়ে থাকছেন।

শফিকুল ইসলাম বলেন, তাঁরা চাঁপাইনবাবগঞ্জ এলাকায়ই কাজ করেন। সেখানে লকডাউন চলছে। রাজশাহীতেও কড়াকড়ি হয়েছে। সুতরাং এখানে তাঁদের আর কোনো কাজই নেই। লকডাউন বেড়ে গেলে এলাকায় আর কিছুই করতে পারবেন না। তাই ঢাকায় যাচ্ছেন পুরোনো পেশা আবার শুরু করতে। এর মধ্যে আলম মিয়া বলে উঠলেন, সরকার নিয়মিত খোঁজখবর নিলে, ত্রাণ দিলে তাঁরা এই ঝুঁকি নিতেন না।

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁরা করোনাভাইরাসের শুরু থেকেই ওয়ার্ড কমিটির মাধ্যমে কমিটি করে নিয়মিত ত্রাণসামগ্রী সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করে আসছেন। এবার বিশেষ লকডাউনে ত্রাণ বিতরণের পরিমাণ বাড়িয়েছেন। তাঁদের কাছে পর্যাপ্ত ত্রাণ রয়েছে। এ ছাড়া কেউ ব্যক্তিগতভাবে অসুবিধায় পড়ে ফোন করলে তাঁদেরও ত্রাণ দেওয়া হচ্ছে। তবে চাঁপাইনবাবগঞ্জ থেকে অভাবে পড়ে অন্যত্র কাজের সন্ধানে যাচ্ছেন, এটা তাঁর জানা নেই। তিনি এ বিষয়টি দেখবেন।

আরও পড়ুন