নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট বোন রোকেয়া বেগমের বাড়িতে হামলার ঘটনার তিন দিনেও মামলা রেকর্ড হয়নি। রোকেয়া বেগমের অভিযোগ, এজাহার থেকে আবদুল কাদের মির্জার নাম বাদ না দেওয়ায় কোম্পানীগঞ্জ থানার পুলিশ মামলা রেকর্ড করতে গড়িমসি করছে।
এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার শুক্রবার সকালে প্রথম আলোকে বলেন, ‘ওইটার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটার একটু সংশোধন করতে হবে। আমাদের স্যারদের অবগত করা হয়েছে। স্যাররা ব্যবস্থা নিচ্ছেন।’
ওবায়দুল কাদেরের ছোট বোন রোকেয়া বেগম শুক্রবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গত বুধবার সন্ধ্যায় কাদের মির্জার অনুসারী কেচ্ছা রাসেলসহ একদল সন্ত্রাসী তাঁর বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা তাঁর ছেলে ফখরুল ইসলামকে খোঁজাখুঁজি করে এবং অকথ্য ভাষায় গালমন্দ করে। এ ঘটনার পর তিনি তাৎক্ষণিক ঘটনাটি মন্ত্রী ওবায়দুল কাদেরকে অবহিত করেন। পরে থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন।
রোকেয়া বেগম জানান, ঘটনার পরই তিনি পুলিশকে হামলাকারীদের কয়েকজনের নাম বলেছেন এবং কার নির্দেশে তাঁরা এসেছে, সে তথ্যও পুলিশকে দিয়েছেন। এরপর বৃহস্পতিবার সকালে তিনি হামলার ঘটনায় অভিযুক্ত কেচ্ছা রাসেলসহ ৩২ জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের ৪ নম্বর আসামি হিসেবে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার নাম উল্লেখ করা হয়েছে।
রোকেয়া বেগম অভিযোগ করেন, তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর ওসি তাঁকে অভিযোগ থেকে হামলার নির্দেশদাতা আবদুল কাদের মির্জার নাম বাদ দিতে বলেন। তিনি তাতে রাজি হননি। তিনি কাদের মির্জার নামসহ এজাহার থানায় রেখে আসেন। কিন্তু শুক্রবার পর্যন্ত পুলিশ তাঁর অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করেনি এবং ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটকও করেনি।
রোকেয়া বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, তিনি পুলিশকে বলে এসেছেন কাদের মির্জার নাম বাদ দিলে এ ঘটনায় মামলা করে কোনো লাভ নেই। কারণ যারা হামলা করেছে, তারা কাদের মির্জার নির্দেশেই হামলা করেছে। ওদের কাদের মির্জাই লালন–পালন করেন।
সাংবাদিকের ওপর হামলার ঘটনায়ও মামলা হয়নি
এদিকে বৃহস্পতিবার কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর গ্রামে বসতঘরে ঢুকে স্থানীয় সাংবাদিক প্রশান্ত সুভাষ চন্দ, তাঁর ছেলে ও মাকে কুপিয়ে আহত এবং বসতঘরে হামলা-ভাঙচুরের ঘটনায়ও থানায় মামলা হয়নি। ঘটনার সঙ্গে জড়িত কেচ্ছা রাসেলসহ অন্যদের নাম হামলার শিকার সুভাষের ভিডিও বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও পুলিশ তাঁদের কাউকে শুক্রবার বিকেল পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি।
এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, সাংবাদিক সুভাষের ওপর হামলার ঘটনায় থানায় এখনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে প্রক্রিয়া চলছে।