কার্গোর ধাক্কায় লঞ্চডুবিতে ৩৪ মৃত্যুর মামলায় অভিযোগপত্র
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পেছন থেকে বেপরোয়া চালিয়ে কার্গো জাহাজ এসকেএল-৩–এর ধাক্কায় লঞ্চ এমভি সাবিত আল হাসান ডুবে ৩৪ জনের মৃত্যুর ঘটনার মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এতে ১৪ আসামির মধ্যে ১১ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। আসামি করা হয়নি কার্গোর মালিককেও।
নারায়ণগঞ্জের আমলি আদালত (ঘ) অঞ্চলের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বদিউজ্জামানের আদালতে গত ৯ ডিসেম্বর অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইউনুস মুন্সী। বিষয়টি এত দিন গোপন ছিল। ১০ ফেব্রুয়ারি অভিযোগপত্রের ওপর শুনানির তারিখ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।
অভিযোগপত্রে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁরা হলেন কার্গো জাহাজটির মাস্টার ওহিদুজ্জামান (৫০), সুকানি আনোয়ার মল্লিক (৪০) ও ইঞ্জিন ড্রাইভার মো. মজনু মোল্লা (৩৮)। আসামিদের বিরুদ্ধে দ্রুত ও বেপরোয়া গতিতে কার্গো চালিয়ে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ আনা হয়েছে। আর যে ধারায় অভিযোগ আনা হয়েছে, তাতে সর্বোচ্চ শাস্তি পাঁচ বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে।
অব্যাহতি দেওয়া হয়েছে কার্গোর গ্রিজার হৃদয় হাওলাদার, ফারহান মোল্লা, সুকানি নাজমুল মোল্লা, লস্কর রাজিবুল ইসলাম, মো. আবদুল্লাহ, নুর ইসলাম, সাকিব সরদার, মো. আফসার, সাগর হোসেন, আলিফ শেখ ও বাবুর্চি আবুল বাসারকে। কার্গো জাহাজ এসকেএল-৩ বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ তন্ময়ের প্রতিষ্ঠান এসকে লজিস্টিকসের মালিকানাধীন।
মামলায় সাক্ষী করা হয়েছে বাদী, তদন্তকারী কর্মকর্তা, নিহত ব্যক্তিদের স্বজনসহ ৭৫ জনকে। আলামত হিসেবে দেখানো হয়েছে ডুবে যাওয়া এমভি সাবিত আল হাসান ও কার্গো জাহাজ এমভি এসকেএল-৩–কে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গত বছরের ৪ এপ্রিল বিকেল ৫টা ৫৬ মিনিটে ৪৫ জন যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে এমভি সাবিত আল হাসান লঞ্চ মুন্সিগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। পথে ৬টা ১৫ মিনিটে লঞ্চটি শহরের কয়লাঘাট এলাকায় তৃতীয় শীতলক্ষ্যা সেতু অতিক্রম করার সময় পেছন থেকে এসকেএল-৩ কার্গো ধাক্কা দিয়ে লঞ্চটিকে ডুবিয়ে দেয়। ডুবে যাওয়া লঞ্চের ৪৫ যাত্রীর মধ্যে কিছু যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও ২ শিশু, ১৭ নারীসহ ৩৪ জনের মৃত্যু হয়।
মামলার বাদী বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ অফিসের উপপরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক) বাবুল লাল বৈদ্য প্রথম আলোকে বলেন, তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্র দাখিলের বিষয়ে তাঁকে কিছু জানাননি। আদালতের প্রয়োজন মনে হলে তিনি যাবেন। ৩৪ জনের মৃত্যু হয়েছে, এটি একটি বড় ঘটনা। আদালত চাইলে আসামিদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনতে পারেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ ইউনুস মুন্সী প্রথম আলোকে বলেন, তদন্তে যাঁদের অবহেলা ও সংশ্লিষ্টতা পাওয়া গেছে, তাঁদের বিরুদ্ধেই অভিযোগপত্র দাখিল করা হয়েছে। কার্গোমালিকের সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে অভিযোগপত্রে আসামি করা হয়নি। নিহত ব্যক্তিদের ক্ষয়ক্ষতির বিষয়টি আদালত দেখবেন।
এমভি সাবিত আল হাসান লঞ্চের মালিক মো. আলাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা মামলা করতে চাইলেও পুলিশ নেয়নি। উল্টো ভয়ভীতি দেখানো হয়েছে। সরকার বাদী হয়ে মামলা করেছে, আমরা কোনো ক্ষতিপূরণ পাইলাম না। এত মানুষ মরল তারাও বিচার পাইল না।’ তিনজনকে অভিযুক্ত করায় তদন্ত সঠিকভাবে হয়নি বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ যাত্রী পরিবহন সংস্থার জ্যেষ্ঠ সহসভাপতি বদিউজ্জামান প্রথম আলোকে বলেন, কার্গো জাহাজের মালিক প্রভাবশালী হওয়ায় তাঁকে সম্পৃক্ত না করে শুধু মাস্টারসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। সুষ্ঠু বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।