কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এল মৃত ডলফিন
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের বালুচরে আবারও একটি মৃত ডলফিন ভেসে এসেছে। শনিবার বিকেলের জোয়ারে ডলফিনটি ভেসে এসে কুয়াকাটা সৈকতের পশ্চিম দিকের খাজুরা এলাকায় আটকা পড়ে।
আবদুল গফফার নামের এক জেলে জানান, মৃত ডলফিনটির পিঠের দিকটা মেটে এবং নিচের দিকটা সাদা-গোলাপি রঙের। এর মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তা ছাড়া মুখটা রক্তাক্ত ছিল এবং মুখে জালের ছেড়া অংশ প্যাঁচানো রয়েছে। ডলফিনটি ৬-৭ ফুট লম্বা হবে।
স্থানীয় জেলেরা জানান, বছরের প্রায় সময় সৈকতে বিভিন্ন ধরনের মৃত ডলফিন ভেসে আসে। এগুলোর বেশির ভাগ জালে আটকে বা ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে মারা যায়। চলতি বছরে এ পর্যন্ত তিন-চারটি মৃত ডলফিন কুয়াকাটা সৈকতে ভেসে এসে আটকা পড়ল।
মৎস্য অধিদপ্তর বরিশালের সাসটেইনাবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের উপপরিচালক মো. কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বঙ্গোপসাগরে দুই প্রজাতির ডলফিন পাওয়া যায়। একটি হলো বটল নোজ (বোতলের মতো মুখ) এবং আরেকটি হলো হাম্পব্যাক ডলফিন (পিঠের দিকটা সামান্য ভাঁজ ও কুঁজো)। কুয়াকাটা সৈকতে ভেসে আসা মৃত ডলফিনটিও হলো হাম্পব্যাক ডলফিন। ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের অগভীর অঞ্চলে এই প্রজাতির ডলফিনের আধিক্য লক্ষ করা যায়। এর পিঠের অংশ সামান্য উঁচু, তাই একে কুঁজো ডলফিন বা Humpback বলা হয়। এর সামনের চোয়াল বেশ লম্বা এবং ৩০-৩৪টি দাঁত যুক্ত।
কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সৈকতে ভেসে আসা ডলফিনটি ঠিক কী কারণে মারা গেছে, তা বলা যাচ্ছে না। মৃত ডলফিনটিকে মাটিচাপা দেওয়া হয়েছে।