কুয়াকাটায় আবারও ভেসে এসেছে মৃত কচ্ছপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে মৃত কচ্ছপ
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের জাতীয় উদ্যানসংলগ্ন বালুচরে আরও একটি মৃত কচ্ছপ ভেসে এসেছে। আজ মঙ্গলবার সকালের জোয়ারে এটি ভেসে এসেছে বলে স্থানীয় ব্যক্তিরা জানান। খবর পাওয়ার পর সৈকতের পরিবেশ সুরক্ষার দায়িত্বে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ব্লু-গার্ডের সদস্যরা দুপুর ১২টার দিকে কচ্ছপটি উদ্ধার করে মাটিচাপা দেন।

আরও পড়ুন

স্থানীয় কয়েকজন জেলে জানান, এক সপ্তাহ আগে এটি মারা যেতে পারে। এর শরীরে পচন ধরেছে। এ নিয়ে এক মাসে কুয়াকাটা সৈকতে ছয়টি মৃত কচ্ছপ ভেসে আসার ঘটনা ঘটল।

আরও পড়ুন

উপকূলের পরিবেশ-প্রতিবেশ নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিশের ইকোফিস-২ প্রকল্পের পটুয়াখালী জেলার সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘কচ্ছপটির ওজন ৩০ থেকে ৩৫ কেজি হতে পারে। এটি পুরুষ কচ্ছপ। এর বৈজ্ঞানিক নাম Lepidochelys olivacea। এভাবে একের পর এক কচ্ছপ মারা যাওয়ার ঘটনায় আমরা উদ্বিগ্ন। এগুলো কেন মারা যাচ্ছে, তার কারণ বের করা দরকার।’ তিনি আরও বলেন, ‘কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরা জেলেদের নিয়ে আমরা গত সপ্তাহে একটি সচেতনতামূলক সভা করেছি। জেলেদের বুঝিয়েছি, জালে কচ্ছপসহ সামুদ্রিক প্রাণী আটকা পড়লে তা যেন যত্নসহকারে ছাড়িয়ে দেন।’

আরও পড়ুন

ইদানীং প্রচুর ট্রলিং বোট বিশেষ ক্রেন ব্যবহার করে সূক্ষ্ম ফাঁসের জাল ফেলে সাগরে মাছ ধরে থাকে। এসব ট্রলিং বোট আগে একটা নির্দিষ্ট সীমানায় মাছ ধরত। এখন নির্দিষ্ট সেই সীমানা অতিক্রম করে উপকূলের আরও কাছাকাছি চলে এসে মাছ ধরছে। বোট থেকে ফেলা সূক্ষ্ম ফাঁসের জালে কচ্ছপ, ডলফিন, রাজকাঁকড়াসহ সামুদ্রিক প্রাণী আটকে মারা যাচ্ছে বলে জানান এই গবেষক।

আরও পড়ুন

পটুয়াখালী বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. তারিকুল ইসলাম বলেন, ‘অন্য কারণগুলো ছাড়াও জেলেদের অসচেতনতার কারণে কচ্ছপসহ আরও কিছু সামুদ্রিক প্রাণীর মৃত্যু হচ্ছে। আমরা জেলেদের সচেতন করতে ভূমিকা রাখছি।’

আরও পড়ুন