রংপুর শহর
কুয়াশাচ্ছন্ন সকালে স্কুল মাঠে ‘ভোরের শিশির’
এখন এ সংগঠনের ৮০ জন সদস্য। ব্যবসায়ী, চাকরিজীবী, চিকিৎসক, ছাত্রসহ বিভিন্ন পেশার লোক যুক্ত আছেন।
সকাল ছয়টা। কুয়াশায় আচ্ছন্ন শহর। এরই মধ্যে মানুষের কলরব। রংপুর জিলা স্কুল মাঠে সমবেত হয়েছেন বিভিন্ন বয়সী পুরুষ। তাঁরা দুই ভাগে বিভক্ত হয়ে ফুটবল খেলছেন। হালকা ব্যায়ামও চলছে। এভাবে শরীরচর্চার মাধ্যমে ‘ভোরের শিশির’ সংগঠনের সদস্যদের সকাল শুরু হয়।
গতকাল বৃহস্পতিবার দেখা যায়, শহরের প্রাণকেন্দ্র জিলা স্কুল মাঠের পাশে আরও দুটি ছোট মাঠ আছে। সে মাঠ দুটির মাঝখান দিয়ে চলে যাওয়া দীর্ঘ রাস্তায় কেউ কেউ হাঁটছেন। কেউ আবার শরীরচর্চা করছেন। এরই ফাঁকে একটি মাঠে দুটি দল বিভক্ত হয়ে ফুটবল খেলছে। খেলা চলাকালে আবার কয়েকজন ব্যায়ামও করছেন। হইহুল্লোড়ও করতে দেখা যায় তাঁদের।
ভোরের শিশিরের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১০ সাল থেকে প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে সংগঠনের সদস্যরা জিলা স্কুল মাঠে ছুটে যান। ফুটবল খেলার মাধ্যমে ব্যায়াম করেন। খেলার মাধ্যমে প্রতিদিন এক ঘণ্টা চলে তাঁদের শরীরচর্চা। ১৮ বছরের তরুণ থেকে বয়স্ক পুরুষ আছেন এ দলে। করোনা মহামারি প্রতিরোধে শরীরচর্চা কার্যকর ভূমিকা রাখে। তাই এ সময় তাঁদের সংগঠনের সদস্যসংখ্যা বেড়েছে।
সংগঠনের প্রধান উদ্যোক্তা রংপুর মেডিকেল কলেজের অ্যানেসথেসিয়া বিভাগের সহযোগী অধ্যাপক তৌহিদুর রহমান। তিনি বলেন, শুরুর দিকে সকালবেলায় জিলা স্কুলে হাঁটতে হাঁটতে দুই থেকে তিনজনের সঙ্গে কথা হয়। এরপর আরও কয়েকজনের সঙ্গে কথা হয়। সম্মিলিতভাবে কিছু করতে তাঁরা সংগঠনের নাম দেন ভোরের শিশির। দিন দিন সদস্যসংখ্যা বাড়তে থাকে। এখন এ সংগঠনের ৮০ জন সদস্য। ব্যবসায়ী, চাকরিজীবী, চিকিৎসক, ছাত্রসহ বিভিন্ন পেশার লোকজন যুক্ত হয়েছেন।
বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার যুগ্ম পরিচালক নকুল কুমার রায় বলেন, ‘সারা দিন অফিসের টেবিলে কর্মব্যস্ত থাকতে হয়। এতে করে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ থেমে থাকে। তাই শরীরকে সুস্থ রাখতে আমরা এভাবেই সকালটা শুরু করি।’ তিনি আরও বলেন, শরীরচর্চার ফাঁকে ফাঁকে তাঁরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। এতে তাঁদের মধ্যে একধরনের ভালো লাগাও কাজ করে। তাঁরা প্রতিদিন সকাল ছয়টা থেকে হালকা ব্যায়াম শুরু করেন। এরপর ঘণ্টাব্যাপী ফুটবল নিয়ে খেলা চলে।
সংগঠনের অন্যতম সদস্য রংপুর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক মোকসেদ আলী বসুনিয়া। তিনি প্রতিদিনই ভোর হওয়ার সঙ্গে সঙ্গে চলে আসেন। তিনি বলেন, ‘এ বয়সে যাঁর যাঁর সাধ্যমতো শরীরচর্চা করা প্রয়োজন। খেলাচ্ছলে শরীরচর্চা করলে মন প্রফুল্ল থাকে। শরীর–মন সুস্থ রাখতেই প্রতিদিন ছুটে আসছি জিলা স্কুল মাঠে।’