কয়রায় ‘মুন্ডা’ নারীকে দলবদ্ধ ধর্ষণ: তিন দিনের রিমান্ডে ৪ আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণ
প্রতীকী ছবি

খুলনার কয়রা উপজেলায় ক্ষুদ্র জাতিগোষ্ঠী ‘মুন্ডা’ সম্প্রদায়ের এক নারীকে (২২) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার চার আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতে তাঁদের হস্তান্তরের পর সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালতের বিচারক তাঁদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া দুপুরে ওই নারীর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।

ভুক্তভোগী ওই নারীর বাড়ি কয়রা সদরে। গত রোববার রাত ১১টার দিকে অস্ত্রের মুখে জিম্মি করে দলবদ্ধ ধর্ষণ করেন কয়েকজন যুবক। ঘটনার সময় ওই নারীর স্বামী বাড়িতে ছিলেন না। পরের দিন সোমবার সকালে ওই নারী নিজে থানায় গিয়ে অভিযোগ করেন। অভিযোগ যাচাই-বাছাইয়ের পরে দুপুরের দিকে মামলা নেয় পুলিশ। মামলার পর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহারে ওই নারী পাঁচজনের নাম উল্লেখ করেছেন। একজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

গ্রেপ্তার চার আসামি হলেন ২ নম্বর কয়রা গ্রামের ওমর সাদিক (২৬), ইমরান হোসেন (২৭), শাহ আলম (২১) ও ৪ নম্বর কয়রা গ্রামের জোবায়ের হোসেন (২৫)। তাঁদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার এজাহারভুক্ত অন্য আসামি হলেন ২ নম্বর কয়রা গ্রামের শহিদুল সানা। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

ভুক্তভোগী নারীকে গতকাল রাতে কয়রা থানা-পুলিশের হেফাজতে রাখা হয়েছিল। আজ সকালে সেখান থেকে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়। এরপর তাঁর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন।

রবিউল হোসেন প্রথম আলোকে বলেন, কয়রা সিনিয়র সহকারী জজ আদালত বন্ধ থাকায় গ্রেপ্তার চারজনকে পাশের পাইকগাছা উপজেলার সিনিয়র সহকারী জজ আদালতে হস্তান্তর করে রিমান্ড আবেদন করা হয়। বিচারক তাঁদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্য আসামিকে গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান চলছে।

আরও পড়ুন

কয়রা উপজেলার বিভিন্ন গ্রামে বিচ্ছিন্নভাবে ‘মুন্ডা’ সম্প্রদায়ের কয়েক শ মানুষ বসবাস করেন। ভুক্তভোগী ওই নারীর স্বামী দিনমজুরের কাজ করেন। গত বছর অক্টোবরের দিকে ইটভাটায় কাজ করতে গিয়েছিলেন। কয়েক দিন আগে বাড়ি ফেরেন। চার দিন আগে তিনি সাতক্ষীরায় ধান কাটার কাজ করতে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে রাত ১১টার দিকে কয়েকজন যুবক দেশীয় অস্ত্র নিয়ে ওই নারীর ঘরে ঢুকেন। সেখানে তাঁকে জিম্মি করে দলবদ্ধ ধর্ষণ করেন।