‘খুনিরা আমার বাজানের পুলিশ হওয়ার স্বপ্ন কাইড়া নিল’
‘কত সতর্ক করছি, বুইঝা শুইনা লোক উঠাবি রিকশায়। ওরে আমার কী সর্বনাশ হইয়া গেল রে। খুনিরা আমার বাবার পুলিশ হওয়ার স্বপ্ন কাইড়া নিল।’ ছেলে সাব্বির বিশ্বাসকে (১৫) হারিয়ে পাগলপ্রায় মা সাজেদা বেগম (৩৫) আহাজারি করে কথাগুলো বলছিলেন।
গতকাল শনিবার সকাল ৮টার দিকে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের উত্তর দয়ারামপুর এলাকার একটি খেত থেকে সাব্বিরের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ব্যাটারিচালিত রিকশা ছিনতাই করার জন্য সাব্বিরকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সাব্বিরের বাবা আলমগীর বিশ্বাস বাদী হয়ে গতকাল রাতে ফরিদপুর কোতয়ালি থানায় হত্যা মামলা করেন।
সাব্বির বিশ্বাসের বাড়ি ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের কালুর বাজারসংলগ্ন আছিরুদ্দিন মুন্সিরডাঙ্গী গ্রামে। চার ভাইয়ের মধ্যে সাব্বির দ্বিতীয়। সে ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের পদ্মারচর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
আজ রোববার দুপুরে সাব্বিরের বাড়িতে গিয়ে দেখা যায়, সাজেদা বেগম অঝোরে কাঁদছেন। ছেলের স্মৃতিচারণ করে একটু পর পর বিলাপ করছেন আর বলছেন, ‘ওরে আমার বাবারে, তুই কোথায় চাইলা গেলি রে। আমার বুকের মইধ্যে আগুন জ্বলতেছে। আমার বুক ফাইটা গেল রে। তুই ফিইরা আয়, বাজান। এহন আমারে কে মা বইলা ডাকবে।’
আছিরুদ্দিন মুন্সিরডাঙ্গী গ্রামে সাব্বিরের বাড়ির সর্বত্র দারিদ্র্যের ছাপ। দোচালা এক কক্ষবিশিষ্ট টিনের ঘর। এর পাশে টিনের চাল ও পাটখড়ির বেড়া দেওয়া আরেকটি ছাপরা। মাটির মেঝের খুপরির মতো দুটি ঘরেই আসবাবপত্র নেই বললেই চলে।
বাড়ির উঠানে বাঁশের খুঁটির ওপরে একটি কবুতরের ঘর। সাব্বিরের ভাই রাব্বি বিশ্বাস (২০) বলেন, সাব্বিরের কবুতর পোষার শখ ছিল। বিভিন্ন সময়ে টাকা বাঁচিয়ে আটটি দেশি কবুতর কিনেছিল। সকালে উঠে কবুতরের দরজা খুলে দেওয়া, খাবার দেওয়া, রাতে দরজা বন্ধ করা—এসব কাজ সাব্বিরই করত।
সাব্বিরের বাবা আলমগীর বিশ্বাস বলেন, ‘ছেলে আমার পুলিশ হতে চেয়েছিল। পড়ালেখার পাশাপাশি রিকশা চালাত। এতে যে আয় হতো, তা দিয়েই নিজের পড়ালেখার খরচ চালাত। আমি প্রথমে রাজি ছিলাম না। সংসারের অভাবের কথা ভেবে পরে আর মানা করিনি।’
শুক্রবার সকালে সাব্বিরের সঙ্গে শেষ কথা হয় জানিয়ে আলমগীর বিশ্বাস বলেন, ওই দিন সকালে ব্যাটারিচালিত রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় সাব্বির। পরে রাতে বাড়িতে না ফেরায় তাঁরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। এরপর গতকাল সকালে অম্বিকাপুর ইউনিয়নের উত্তর দয়ারামপুর এলাকার একটি খেতে সাব্বিরের লাশ দেখতে পেয়ে স্থানীয় ব্যক্তিরা পুলিশকে খবর দেয়।
রিকশা ছিনিয়ে নেওয়ার জন্য সাব্বিরকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার। তিনি বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
পদ্মারচর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. উকিল উদ্দিন সর্দার বলেন, সাব্বির মেধাবী ছিল। তার মতো নম্র–ভদ্র স্বভাবের ছেলের কোনো শত্রু থাকতে পারে না। রিকশা ছিনতাইয়ের জন্য একটি জীবন শেষ করে দেওয়া হলো, মানুষ কতটা নিচে নেমে গেছে।