খুলনা বিভাগে করোনায় আরও ২০ জনের মৃত্যু, শনাক্ত ৬৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনায় মৃত্যু
ফাইল ছবি

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৬৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৮২ জন। আজ বুধবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গতকাল মঙ্গলবার বিভাগে করোনায় ২৫ জনের মৃত্যু হয়েছিল। ৭৫৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। আগের দিনের চেয়ে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা কম হয়েছে। এ সময় মৃত্যুর সংখ্যা, শনাক্তের হার ও শনাক্ত রোগীর সংখ্যা কমেছে।

গতকাল সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত খুলনা বিভাগে আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র‌্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে মোট ২ হাজার ৯৪৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক ৭২। আগের ২৪ ঘণ্টার চেয়ে ১৩৩টি নমুনা কম পরীক্ষা হয়েছে। আগের দিন শনাক্তের হার ছিল ২৪ দশমিক ৫৬। বিভাগে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮২ হাজার ৫১৬ জন। শনাক্তের সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক শূন্য ৬।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বুধবার বাসা ও হাসপাতাল মিলিয়ে বিভাগের ১০ জেলায় করোনা রোগী ১৬ হাজার ৫৬০ জন। তাঁদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ১৯ জন। অন্যরা বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়েছেন।

বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ৭২৬। মৃত্যুর হার ২ দশমিক ৬৮। করোনায় মারা যাওয়া সর্বশেষ ২০ জনের মধ্যে খুলনায় ৭ জন, যশোরে ৫, মেহেরপুরে ৩, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় ২ জন করে এবং মাগুরায় ১ জন করে রয়েছেন।
বিভাগের মধ্যে খুলনায় করোনায় সর্বোচ্চ ৬৯২ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায় ৬৫০ জনের। এ ছাড়া যশোরে ৪০৮, ঝিনাইদহে ২৩৫, চুয়াডাঙ্গায় ১৮০, মেহেরপুরে ১৬৩, বাগেরহাটে ১৩৩, নড়াইলে ১০০, সাতক্ষীরায় ৮৬ ও মাগুরায় ৭৯ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, নতুন করে করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ কুষ্টিয়ায় ১৮০ জন। এ ছাড়া খুলনায় ১৩৬, বাগেরহাটে ৩০, যশোরে ৯৭, ঝিনাইদহে ৩১, সাতক্ষীরায় ৩৭, চুয়াডাঙ্গায় ৩১, মেহেরপুরে ৩১ জন, মাগুরায় ৩৮ ও নড়াইলে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিভাগে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ১ হাজার ৮০২ জনের। সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ২৫ হাজার ৩৮৮ জনের করোনা হয়েছে। এরপর যশোরে ২০ হাজার ১১২ জনের এবং কুষ্টিয়ায় ১৬ হাজার ২৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৮২ জন। এর মধ্য দিয়ে সুস্থ হওয়ার সংখ্যা ৮২ হাজার ছাড়াল।