চাঁদপুরে ব্যবসায়ী হান্নান হত্যা মামলায় দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

চাঁদপুর শহরের বিষ্ণুদী এলাকার ব্যবসায়ী হান্নান মৃধা হত্যা মামলায় তাঁর স্ত্রী আয়শা বেগমের বড় ভাই শাওন ও হীরাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

গত সোমবার রাতে নিহত হান্নানের বোন আমেনা বেগম বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় অজ্ঞাতনামা তিন–চারজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। এর আগে ১ মার্চ হান্নান তাঁর শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে নিখোঁজ হন।

পরের দিন ২ মার্চ চাঁদপুর মডেল থানায় হান্নানের নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার। ১৩ মার্চ যশোরের বেনাপোল এলাকায় হান্নানের লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। ১৫ মার্চ রাতে বেনাপোল থেকে হান্নানের লাশের ময়নাতদন্ত শেষে চাঁদপুরে নিয়ে আসা হয়।

ওসি মোহাম্মদ আবদুর রশিদ বলেন, হান্নানের স্ত্রী আয়শা বেগম পলাতক। এ হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে। গতকাল রাতে গ্রেপ্তার দুজনকে আজ বুধবার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

হান্নান মৃধা চাঁদপুর পৌরসভার ১৫ নম্বর ওয়া‌র্ডের বিষ্ণুদী মৃধা বাড়ি এলাকার আবুল হো‌সেন মৃধার ছে‌লে। তিনি চাঁদপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বিষ্ণুদী এলাকার বাসিন্দা ছিলেন। হান্নান ওই এলাকার একটি দোকানে বিভিন্ন পণ্য বিক্রি করতেন।

হান্নান নিখোঁজের পাঁচ দিন পর ৬ মার্চ একটি মুঠোফোনের নম্বর থেকে কল করে হান্নানের মুক্তির জন্য এক লাখ টাকা দাবি করা হয়। মুক্তিপণ দাবিকারীরা টাকা নিয়ে হান্নানের স্বজনদের বেনাপোলে যেতে বলে। হান্নানের পরিবারের দাবি, তারা প্রথমে ৫০ হাজার টাকা দেয়। কিন্তু এরপর মুক্তিপণ দাবিকারীদের নম্বর বন্ধ পাওয়া যায়। সর্বশেষ ১৩ মার্চ বেনাপোল সীমান্ত এলাকা থেকে হান্নানের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

লাশ উদ্ধারের পর থেকে অপরাধীদের শনাক্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ করে আসছেন হান্নানের পরিবার ও এলাকাবাসী। গতকাল সকালে হান্নান হত্যার বিচারের দাবিতে তাঁর লাশ নিয়ে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় একটি বিক্ষোভ মিছিল করেন পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন। পরে তাঁরা সেখানে প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন। পুলিশ আসামিদের গ্রেপ্তারে আশ্বস্ত করলে পরিস্থিতি শান্ত হয়।