চাঁপাইনবাবগঞ্জে নৌকাডুবিতে আরও একজনের লাশ উদ্ধার, নিখোঁজ ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করে পাড়ে নিয়ে আসা হচ্ছে
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাকা ইউনিয়নে পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ আরও একজনের লাশ উদ্ধার হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে রাজশাহীর গোদাগাড়ী এলাকায় পদ্মা নদীতে ভাসমান অবস্থায় ডেজী বেগম (৩০) নামের এক নারীর লাশ উদ্ধার করেন স্থানীয় লোকজন।

এ নিয়ে নৌকাডুবির ঘটনায় চারজনের লাশ উদ্ধার হলো। ডেজী বেগম শিবগঞ্জের পাকা ইউপির দশরশিয়া গ্রামের হারুনের স্ত্রী।

এর আগে বৃহস্পতিবার গোদাগাড়ীর সুলতানগঞ্জ এলাকায় আসমাউল (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার হয়। তার আগে বুধবার বিকেলে আসমাউলের ছোট বোন মাইশা খাতুন (২) ও তাদের নানি নিলুফা বেগমের (৫০) লাশ উদ্ধার হয়। নিলুফা বেগমের স্বামী খাইরুল ইসলামসহ আরও তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

পাকার বোগলাউড়ি ঘাট থেকে দশরশিয়া ঘাট যাওয়ার পথে বুধবার বেলা পৌনে দুইটার দিকে যাত্রী ও মালবোঝাই ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৯ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে তিনজন। এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব-আল-রাব্বি ও পাকা ইউপি চেয়ারম্যান জালাল উদ্দীন।

আরও পড়ুন