চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, আরও ১৮ জনকে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরও ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। এ নিয়ে উদ্ধার ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৩৮। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব আল রাব্বি ও পাকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জালাল উদ্দীন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
গতকাল বুধবার রাতে এই ১৮ জনকে উদ্ধার করা হয়। এর মধ্যে অনেকে সাঁতরে, আবার কেউ কেউ নদীতে ভাসতে ভাসতে নৌকায় উঠে পাড়ে আসেন। এর আগে আরও ২০ জনকে উদ্ধার করা হয়েছে।
এদিকে আজ বৃহস্পতিবার সকালে আবার উদ্ধার অভিযান শুরু হয়েছে। আজ সকাল সাতটা থেকে ফায়ার সার্ভিস শিবগঞ্জ উপজেলা ইউনিট ও স্থানীয় লোকজন যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। ভারতীয় সীমান্ত পর্যন্ত নৌকায় নিখোঁজ ব্যক্তিদের খোঁজা হচ্ছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, গতকাল ইউনিয়নের পাকার বোগলাউড়ি থেকে দশরশিয়া ঘাটে যাওয়ার পথে মাঝনদীতে একটি ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত দশরশিয়া গ্রামের নিলুফা বেগম (৫০) ও তাঁর নাতনি মাইশা খাতুনের (২) লাশ উদ্ধার করা হয়েছে। তবে একই নৌকায় থাকা নিলুফা বেগমের স্বামী খাইরুল ইসলাম ও মাইশার ভাই মো. আসমাউলকে এখনো খুঁজে পাওয়া যায়নি।