চাঁপাইনবাবগঞ্জে বিশেষ বিধিনিষেধ আরও সাত দিন বাড়ল
করোনা সংক্রমণ রোধে চাঁপাইনবাবগঞ্জে বিশেষ বিধিনিষেধ আরও সাত দিন বাড়ল। আজ বুধবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে এ বিধিনিষেধের ঘোষণা দেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ উরাও প্রমুখ।
জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ বলেন, জেলাব্যাপী সংক্রমণ কমলেও তা সন্তোষজনক পর্যায়ে আসেনি। তাই বিশেষ বিধিনিষেধ আরও সাত দিন বাড়িয়ে ২৩ জুন পর্যন্ত করা হলো।
বিশেষ বিধিনিষেধের মধ্যে রয়েছে স্বাস্থ্যবিধি মেনে বিপণিবিতানগুলো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। একটি মোটরসাইকেলে একজন, রিকশায় একজন ও ব্যাটারিচালিত অটোরিকশায় দুজনের বেশি যাত্রী যাতায়াত করতে পারবেন না। সব ধরনের সাপ্তাহিক হাটবাজার বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি মেনে আম ক্রয়-বিক্রয় ও এ–সম্পর্কিত পরিবহন চালু থাকবে। বড় আমবাজারগুলো আশপাশের স্টেডিয়াম বা বড় মাঠে ছড়িয়ে-ছিটিয়ে বসবে। সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ থাকবে। অর্ধেকসংখ্যক যাত্রী নিয়ে গণপরিবহন চলবে, তবে জেলার বাইরে যেতে পারবে না। জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে যুক্ত অফিসগুলো, তাদের কর্মচারী ও যানবাহন এ বিধিনিষেধের আওতার বাইরে থাকবে।
জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। এ নিয়ে জেলায় করোনায় মোট মারা যাওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ৮২।
এর আগে আজ সকাল সোয়া আটটার দিকে সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল মঙ্গলবার ৪৩০ জনের নমুনা পরীক্ষা করে ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ২ শতাংশ। এর মধ্যে আরটি-পিসিআর পরীক্ষায় ১৩৩ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জন, র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ২৯৬ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জন এবং জিন এক্সপার্ট পরীক্ষায় একজনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। এ নিয়ে জেলায় করোনায় মোট মারা যাওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ৮২।
২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসা ও তথ্য কর্মকর্তা আহনাব শাহরিয়ার প্রথম আলোকে বলেন, গত শনিবার সেখানে শয্যাসংখ্যা বাড়িয়ে ৭২ করা হয়েছে। সেদিনই সব কটি শয্যা রোগীতে ভর্তি হয়ে যায়। বুধবারও সব শয্যায় রোগী ভর্তি আছেন। শয্যা ফাঁকা না থাকায় করোনা সন্দেহভাজন কয়েকজন রোগীকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
গত ঈদের পর থেকেই চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি চলছিল। লকডাউন ঘোষণার আগে এক সপ্তাহে শনাক্তের হার ছিল প্রায় ৫৯ শতাংশ। অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করোনা রোগীর বেশির ভাগই সীমান্তবর্তী শিবগঞ্জ উপজেলার। বিভিন্ন সীমান্তপথে অবৈধ চলাচলে করোনার ভারতীয় ধরন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিলে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত ২৪ মে দুপুরে করোনা প্রতিরোধ জেলা কমিটির জরুরি সভা শেষে ১১ দফা নির্দেশনা দিয়ে জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ জেলাব্যাপী ৭ দিনের লকডাউনের ঘোষণা দেন, যা ২৪ মে দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে শুরু হয়।
সার্বিক দিক বিবেচনা করে সাত দিন পর আবারও লকডাউন সাত দিন বাড়ানোর ঘোষণা করা হয়। লকডাউন শেষ হয় ৭ জুন। এই সময়ে করোনা সংক্রমণ কমে আসায় ওই দিনই লকডাউন তুলে নিয়ে ১৬ জুন পর্যন্ত বিশেষ বিধিনিষেধ দেওয়া হয়।