ছিনতাইকারীদের চিনে ফেলায় হত্যা করা হয় স্কুলছাত্র ফাহারুলকে: র‌্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দশম শ্রেণীর শিক্ষার্থী ফাহারুল ইসলাম ওরফে বিজয় (১৬) হত্যায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার বগুড়ার র‌্যাব-১২ কার্যালয়ে
ছবি: প্রথম আলো

বগুড়ার গাবতলী উপজেলার স্কুলছাত্র ফাহারুল ইসলাম ওরফে বিজয় হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পেশাদার তিন ছিনতাইকারীকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেন, অটোভ্যান ছিনতাইকালে ফাহারুল ছিনতাইকারীদের চিনে ফেলার কারণেই তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। হত্যার পর অটোভ্যান ছিনতাই করে পালিয়েছেন তাঁরা।

র‌্যাব-১২ বগুড়া ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানির সদস্যরা এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন এক তরুণকে গতকাল সোমবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা থেকে গ্রেপ্তার করে। পরে তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে আজ মঙ্গলবার ভোরে সহযোগী আরও দুজনকে বগুড়া থেকে গ্রেপ্তার করা হয়। আজ এ বিষয়ে র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ক্যাম্প অধিনায়ক ও স্কোয়াড্রন লিডার সোহরাব হোসেন হত্যাকাণ্ডের নেপথ্যের বিস্তারিত তুলে ধরেন।

আরও পড়ুন

গ্রেপ্তার তিনজন হলেন বগুড়ার সোনাতলা উপজেলার মাদারীপাড়া গ্রামের মোহাম্মদ রিজু (২২), একই গ্রামের আশাদুল ইসলাম (২০) এবং গাবতলী উপজেলার একবাড়িয়া গ্রামের শাবলু মিয়া সরকার (৪০)।

সংবাদ ব্রিফিংয়ে বলা হয়, ফাহারুলের কাছ থেকে ছিনতাই করা অটোভ্যান বিক্রি করে পাওয়া ৯ হাজার টাকা নিজেদের মধ্যে ভাগাভাগির পর আত্মগোপন করেন অভিযুক্তরা। ছিনতাই করা ভ্যানের খণ্ড খণ্ড অংশ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে।

হত্যাকাণ্ডের পর রিজু প্রথমে গাজীপুর এবং পরে সীতাকুণ্ডে আত্মগোপন করেছিলেন। র‍্যাব-৭-এর সহায়তায় চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা থেকে র‍্যাব-১২-এর একটি দল সোমবার রাত পৌনে বারোটার দিকে গ্রেপ্তার করে।

থানা-পুলিশ ও র‍্যাব জানায়, পড়ালেখার পাশাপাশি সংসারের দারিদ্র্য ঘোচাতে অটোভ্যান চালাত গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের লিটন মিঞার ছেলে ফাহারুল ইসলাম। সে সোনারায় উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। প্রতিদিনের মতো ভ্যান নিয়ে বের হয়ে গত ৩০ মার্চ নিখোঁজ হয় সে। নিখোঁজের ২৪ ঘণ্টা পর ৩১ মার্চ সকাল ৮টার দিকে বগুড়ার কাহালু উপজেলার ভ্যাপড়া এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কের পাশের ডি কে রাইস মিলের পেছনে খালের কালভার্টের নিচ থেকে ফাহারুলের লাশ উদ্ধার করে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল। যে অটোভ্যান নিয়ে সে বাড়ি থেকে বের হয়েছিল, সেটি আর খুঁজে পাওয়া যায়নি।

এ ঘটনায় ৩১ মার্চ বাবা লিটন মিয়া বাদী হয়ে কাহালু থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

র‍্যাব-১২ বগুড়া ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানির অধিনায়ক ও স্কোয়াড্রন লিডার সোহরাব হোসেন নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে বলেন, ফাহারুলের লাশ উদ্ধারের পর হত্যা রহস্য উদ্‌ঘাটন এবং হত্যাকারীদের শনাক্তে মাঠে নামে র‍্যাব। গোয়েন্দা তথ্য এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে জড়িত মূল হোতা মোহাম্মদ রিজুকে শনাক্ত করা হয়। রিজু হত্যাকাণ্ডের পর প্রথমে গাজীপুর এবং পরে সীতাকুণ্ডে আত্মগোপন করেছিলেন। র‍্যাব-৭-এর সহায়তায় চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা থেকে র‍্যাব-১২-এর একটি দল সোমবার রাত পৌনে বারোটার দিকে গ্রেপ্তার করে। তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে মঙ্গলবার সকালে বগুড়া থেকে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোহাম্মদ রিজু জানান, ভ্যান ছিনতাই করাই তাঁদের উদ্দেশ্য ছিল। সেই অনুযায়ী তাঁরা সাত দিন আগে ছিনতাইয়ের পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী তাঁরা যাত্রীবেশে ফাহারুলের অটোভ্যান দুপচাঁচিয়া যাওয়ার জন্য ভাড়া করেন। এরপর দিনভর নানা স্থানে ঘোরাঘুরির পর রাতে ফেরার পথে কাহালু উপজেলার ভ্যাপড়া এলাকায় নিয়ে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা করেন। ছিনতাইকারী ফাহারুলের পূর্বপরিচিত হওয়ায় ঘটনা ফাঁস হওয়ার শঙ্কায় ফাহারুলকে ছুরিকাঘাত এবং পেরেক দিয়ে আঘাত করে হত্যা করেন। এরপর ছিনতাই করা ভ্যান ৯ হাজার টাকায় শাবলু নামের একজনের কাছে বিক্রি করে অর্থ ভাগাভাগি করে নেন তাঁরা।

সংবাদ সম্মেলনে সোহরাব হোসেন বলেন, তদন্তে কিছু সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ফাহারুলের সঙ্গে রিজুকে গাবতলী উপজেলাতে দেখা গেছে। পরবর্তী সময়ে দুপচাঁচিয়া উপজেলাতেও তাঁদের একসঙ্গে দেখা গেছে। এতে রিজুকে প্রথমে শনাক্ত করা সম্ভব হয়। রিজু মাদকসেবী। তবে তাঁর বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল কি না, তা নিশ্চিত হতে পারেনি র‍্যাব।

কাহালু থানার ওসি আমবার হোসেন প্রথম আলোকে বলেন, ফাহারুল হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া তিন আসামিকে মঙ্গলবার বিকেলে কাহালু থানায় হস্তান্তর করেছে র‍্যাব। আসামিরা স্বেচ্ছায় আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি না হলে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে।