জমি বুঝে পাওয়ায় সংস্কৃতি প্রতিমন্ত্রীকে শাহ আবদুল করিমের পরিবারের কৃতজ্ঞতা
দীর্ঘ ৫৭ বছর পর সরকারের দেওয়া জমির দখল বুঝে পাওয়ায় সরকার এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে একুশে পদকপ্রাপ্ত বাউলসম্রাট শাহ আবদুল করিমের পরিবার। প্রয়াত শাহ আবদুল করিমের একমাত্র ছেলে বাউল শাহ নূর জালাল আজ সোমবার বিকেলে মুঠোফোনে সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং পরিবারে পক্ষ থেকে এই কৃতজ্ঞতা জানান।
বাউল শাহ আবদুল করিমের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামে। ভূমিহীন বাউল করিমকে ৫৭ বছর আগে ২ একর ১১ শতক জমি দিয়েছিল সরকার। কিন্তু এলাকার একটি পক্ষের বাধার কারণে তিনি জীবিত অবস্থায় এই জমির দখল পাননি। পরে তাঁর ছেলে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু তাতেও কাজ হচ্ছিল না।
জমির বিষয়টি নিয়ে গত ২৩ মে প্রথম আলোতে ‘শাহ আবদুল করিমকে দেওয়া জমি ৫৭ বছরেও পায়নি পরিবার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। পরদিন বিষয়টি নিয়ে প্রথম আলোতে সম্পাদকীয় ছাপা হয়। ২৫ মে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান মামুন গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ওই এলাকায় গিয়ে আবদুল করিমের পরিবারকে জমির দখল বুঝিয়ে দিয়ে সেখানে সাইনবোর্ড বসিয়ে দেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান বলেন, প্রথম আলোর সংবাদ প্রতিমন্ত্রীর নজরে এলে তিনি তাৎক্ষণিক এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মনিরুল আলম ও তাঁর একান্ত সচিব মো. জাহিদুল ইসলামকে নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রীর নির্দেশনা মোতাবেক তাঁরা সিলেট বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান, সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন ও দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুনের সঙ্গে যোগাযোগ করে শাহ আবদুল করিমের পরিবারকে জমির দখল বুঝিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন উদ্যোগ নিয়ে বাউল করিমের পরিবারকে সেই জমির দখল বুঝিয়ে দেয়।
শাহ নূর জালাল বলেন, সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলার সময় তিনি তাঁদের পরিবারের খোঁজ নিয়েছেন এবং করোনা পরিস্থতির উন্নতির পর সুনামগঞ্জে শাহ আবদুল করিমের জন্মভিটায় আসার আগ্রহ প্রকাশ করেছেন। একই সঙ্গে বাউল আবদুল করিমের গানগুলো সংরক্ষণে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে প্রতিমন্ত্রী তাঁকে জানান। নূর জালাল বলেন, দীর্ঘিদন পর সরকারের দেওয়া জমির দখল পেয়ে তাঁরা সরকার, সংস্কৃতি প্রতিমন্ত্রী, সুনামগঞ্জ জেলা ও দিরাই উপজেলা প্রশাসনের কাছে কৃতজ্ঞ।