‘জুতার মালা পুরো জাতির গলায় পরানো হয়েছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধন। ৩০ জুন
ছবি: প্রথম আলো

নড়াইলের কলেজ শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে অপদস্থ এবং আশুলিয়ার শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষকেরা।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আয়োজক ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

মানববন্ধনে ইংরেজি বিভাগের শিক্ষক সুকান্ত ভট্টাচার্য বলেন, ‘শিক্ষক হয়ে বাংলাদেশে যে অপরাধ করেছি, তার দায় কাঁধে নিয়ে বলছি, শিক্ষকেরা লাঞ্ছিত হলে পুরো জাতি লাঞ্ছিত হয়। মানুষ বলছে, একজন শিক্ষকের গলায় জুতার মালা পরানো হয়েছে। এটি আমি মানি না। এ মালা পুরো জাতির গলায় পরানো হয়েছে।’

সুকান্ত ভট্টাচার্য বলেন, শিক্ষক জুতার মালা গলায় নিয়ে হাঁটছিলেন। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে ছিলেন। উত্তেজিত জনতাকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়, সে প্রশিক্ষণ তাঁদের দেওয়া হয়। কিন্তু এরপরেও তাঁদের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল।

শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সজীব কুমার ঘোষের সঞ্চালনায় কর্মসূচিতে আরও বক্তব্য দেন সমিতির সভাপতি সেলিনা আখতার, সহ–উপাচার্য বেণু কুমার দে, বন ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষক মোহাম্মদ আল আমিন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন সিরাজ উদ দৌল্লাহ, অর্থনীতি বিভাগের সভাপতি মোহাম্মদ আবুল হোসাইন প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষক-ছাত্রের যে সম্পর্ক, তা স্বর্গীয় সম্পর্ক। এরপরেও এ ধরনের ঘটনা ঘটছে। আমাদের ভাবতে হবে শিক্ষাব্যবস্থায় নিশ্চয়ই কোথাও গলদ আছে। পাঠদান প্রক্রিয়ার মধ্যে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। যে কারণে আমরা আমাদের শিক্ষার্থীদের সেভাবে গড়ে তুলতে পারছি না। আবার শিক্ষার্থী গড়ে তুলতে পারছি না এ কথা বলাও ঠিক হবে না। অল্পসংখ্যক শিক্ষার্থী বিপথগামী হচ্ছে। এখানে শিক্ষকদের কোনো দায় নেই। তাহলে প্রশ্ন হতে পারে দায় কার? এটি গবেষণা করে বের করতে হবে। এর কারণ খুঁজে বের করতে হবে।

আরও পড়ুন

মানববন্ধনে বক্তারা বলেন, এ দেশ স্বাধীন হওয়ার পেছনে ছাত্রদের ভূমিকা ছিল ঐতিহাসিক। সেই ছাত্ররা এখন শিক্ষকদের সঙ্গে এ ধরনের আচরণ করবে, এটা অপ্রত্যাশিত। শিক্ষক অবমাননার এ ধরনের ঘটনা যদি আর কখনো ঘটে, আমরা শুধু মানববন্ধনেই সীমাবদ্ধ থাকব না। আমরা আরও কঠোর কর্মসূচি পালন করব।’

আরও পড়ুন