জ্বর, শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরায় আরও একজনের মৃত্যু
করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ঈমান আলী (৮০) নামের ওই ব্যক্তির মৃত্যু হয়। এর আগে আজ সকাল সাড়ে আটটার দিকে আরও একজনের মৃত্যু হয়েছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মানস কুমার মণ্ডল জানান, জ্বর, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে শুক্রবার সকালে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হন জেলার তালা উপজেলার ঈমান আলী। শনিবার অবস্থার অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সোমবার পর্যন্ত পরীক্ষার প্রতিবেদন পাওয়া যায়নি।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে এ পর্যন্ত ৮৭ জনের মৃত্যু হয়েছে। পরে পরীক্ষায় কোভিড-১৯ শনাক্ত হয়েছে ১৬ জনের।
সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার জানান, স্বাস্থ্যবিধি মেনে তাঁর লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তাঁর বাড়ি লকডাউনের জন্য স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে।