মাত্র ১০ হাজার টাকার লোভে সিরাজগঞ্জের মিঠু হোসেনকে (২৪) নরসিংদীতে আসতে বলেছিলেন শাহানাজ আক্তার নামের এক নারী। ফেসবুকে কম বয়সী নারীদের ছবি প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করে মিঠুর সঙ্গে মুঠোফোনে কথা বলতেন তিনি। নরসিংদী আসার পর মিঠুকে শিবপুরের আশুটিয়া পূর্ব পাড়ার একটি গোপন স্থানে আটকে রেখে নির্যাতনের পর এক লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। টাকা দিতে ব্যর্থ হলে তাঁকে হত্যা করেন চক্রের সদস্যরা।
আজ রোববার ভোরে শাহানাজ আক্তার ওরফে পপি নামের ওই নারীকে গ্রেপ্তার করে পুলিশ। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান এসব তথ্য জানান। এ ছাড়া আজ দুপুরে চক্রের সদস্য ওই নারীর স্বামী মো. বাতেন মিয়া (৩৫) ও নরসিংদীর শিবপুরের দুলালপুর ইউনিয়নের আশুটিয়া গ্রামের মোবারক খানের ছেলে কাঁকন খানকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে।
সাহেব আলী পাঠান বলেন, গাজীপুরের শ্রীপুরের রাজাবাড়ির মিঠালু গ্রামে অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি শ্রীপুর উপজেলার রাজাবাড়ি এলাকার গিয়াস উদ্দিনের মেয়ে। দুই সন্তানের জননী ওই নারী রাজাবাড়ি এলাকার একটি কম্পোজিট কারখানার সুইং অপারেটর হিসেবে কাজ করেন।
পুলিশ কর্মকর্তা বলেন, বাবুরহাটের শাড়ি সম্পর্কে ধারণা নিতে গত বুধবার মিঠু প্রথমবারের মতো নরসিংদী আসার কথা তাঁর পরিবারকে জানালেও মিঠু এসেছিলেন ওই নারীর প্রলোভনে। নির্দিষ্ট স্থানে আসার পরই তাঁকে অপহরণ করে আটকে রেখে এক লাখ টাকা মুক্তিপণের জন্য নির্যাতন করা হয়। নির্যাতনে তাঁর মৃত্যু হলে লাশ মনোহরদীর একদুয়ারিয়া ইউনিয়নের হুগলিয়াপাড়া গ্রামের রূপচানের বাড়ির খড়ের গাদার নিচে ফেলে রাখা হয়।
গোয়েন্দা পুলিশ বলছে, ‘মিঠুর ফোনকলের তথ্য সংগ্রহ করে আমরা জানতে পারি, সিরাজগঞ্জ থেকে রওনা হয়ে নরসিংদী আসার পথে শাহানাজ নামের ওই নারীর সঙ্গে তাঁর অনেকবার কথা হয়। এর সূত্র ধরে আজ ভোরে শ্রীপুরে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটকের পর মিঠুর সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা সম্পর্কে জানতে চাইলে তিনি ঘটনার বিস্তারিত জানান। অপহরণের পর মুক্তিপণ আদায় করে এমন একটি চক্রের সদস্য তিনি। শাহানাজই মিঠুকে নরসিংদীতে আসতে বলেছিলেন। অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই চক্রের মূল হোতাসহ সবাইকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
গ্রেপ্তার শাহানাজের ভাষ্য, ‘৫ ফেব্রুয়ারি দুপুরে আমার মুঠোফোনে কল করে দেখা করতে চান সিফাত নামের এক ব্যক্তি। ৭ তারিখে তিনি শ্রীপুরে এসে আমাকে ৩ হাজার টাকা দিয়ে বলেন, একটা কাজ করে দিলে আরও ১০ হাজার টাকা দেব। কী কাজ জানতে চাইলে তিনি বলেন, একজনের সঙ্গে মোবাইলে কথা বলে তাঁকে নরসিংদী নিয়ে আসতে হবে। আমার কী হয়েছিল জানি না, আমি টাকার লোভে রাজি হয়ে গিয়েছিলাম। সিফাতের সঙ্গে এ পর্যন্ত আমার দুবার কথা হয়েছে। পরে জানতে পারি সিফাতদের কয়েকটি ফেসবুক গ্রুপ আছে, যেখানে পর্নো ভিডিও ছাড়া হয়। তাঁদেরই একটি গ্রুপে নক দিয়েছিলেন মিঠু। গ্রুপের মেসেঞ্জার চ্যাটে মিঠুর সঙ্গে কথা বলতেন তাঁরা, কিন্তু মোবাইলে কথা বলতাম আমি। আমি মিঠুকে সুমন আর হানিফকে সিফাত নামে চিনতাম। পরে আমি মিঠুকে ১০ হাজার টাকার বিনিময়ে একসঙ্গে তিন দিন থাকার প্রস্তাব দিলে তিনি রাজি হয়ে যান।’
শাহানাজ আক্তার বলেন, ‘কথাবার্তার একপর্যায়ে গত বুধবার সকালে আমার সঙ্গে তিন দিন থাকার জন্যই সিরাজগঞ্জ থেকে নরসিংদীর উদ্দেশে রওনা দেন মিঠু। সিফাতের কাছ থেকে ঠিকানা জেনে আমি মিঠুকে বলেছিলাম, নরসিংদীর শিবপুরের দুলালপুর এলাকার আশুটিয়াপাড়ায় চলে আসতে। আমি শ্রীপুরে থেকেই তাঁর সঙ্গে কথাবার্তা চালিয়ে যেতে থাকি। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই এলাকায় যাওয়ার পর তাঁর সঙ্গে যখন আমার সর্বশেষ কথা হয়, তিনি আমাকে বলেছিলেন, “আমি তোমার দেওয়া ঠিকানায় চলে এসেছি।” এরপরই আমি সিফাতের মোবাইলে কল করি, কল ধরে সিফাত জানান, তিনি চলে এসেছেন। “আমি পরে তোমাকে কল দেব” বলে সিফাত কল কেটে দেন। এরপর তাঁর মুঠোফোন বন্ধ থাকায় আর আমাদের কথা হয়নি।’
শাহানাজ আরও বলেন, ‘১০ হাজার টাকার লোভে আমি শুধু মিঠুকে কৌশলে নরসিংদীতে আনার দায়িত্ব নিয়েছিলাম। সিফাতের আরেক নাম যে হানিফ, এটা আমি জানতাম না। শুধু জানতাম, তাঁর বাড়ি নরসিংদীর শিবপুরের আশুটিয়াপাড়ায়। মিঠুকে কী কারণে নরসিংদীতে আনা হয়েছে, তা–ও জানতাম না। পরে জেনেছি, তাঁকে অপহরণ করে মুক্তিপণ আদায় করতে চেয়েছিলেন তাঁরা। মুক্তিপণ না পেয়ে তাঁকে পিটিয়ে মেরে ফেলেছেন সিফাতরা। গতকাল শনিবার সন্ধ্যায় সিফাত আমাকে অন্য আরেকটি নম্বর থেকে ফোন দিয়ে জানান, সাবধানে থেকো। কারণ জানতে চাইলে তিনি বলেন, মিঠু মারা গেছেন। আজ ভোরে যখন পুলিশ আমাকে ধরে নিয়ে আসে, তারপর পুরো ঘটনা জানতে পারি।’
নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, শাহানাজ আক্তারের নেতৃত্বে আরও তিন-চারজনের একটি প্রতারক চক্র রয়েছে। তিনি ফেসবুকে নিজের প্রকৃত পরিচয় গোপন করে সুন্দরী মেয়ের ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে প্রেমের ফাঁদে ফেলে কোনো নির্দিষ্ট স্থানে দেখা করতে বলতেন। পরে ওই চক্রের অন্য সদস্যরা তাঁকে অপহরণ করে মুক্তিপণ আদায় করতেন। মিঠুকে এভাবেই ফাঁদে ফেলে নরসিংদীতে ডেকে আনা হয়েছিল। এ ঘটনায় জড়িত চক্রটির অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মিঠুর লাশ মনোহরদীর একদুয়ারিয়া ইউনিয়নের হুগলিয়াপাড়া গ্রামের রূপচানের বাড়ির খড়ের গাদার নিচ থেকে উদ্ধার করে পুলিশ। মিঠুর পিঠে, গলায় ও চোখের নিচে রক্তাক্ত জখম ছিল। এ ছাড়া তাঁর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল। পরে সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ দেখে ওই রাতেই সিরাজগঞ্জ থেকে মিঠুর পরিবারের সদস্যরা মনোহরদী থানায় আসেন। রাত ১২টার দিকে পুলিশের কাছে থাকা ছবি দেখে লাশ শনাক্ত করেন মিঠুর বড় বোন মিনু আক্তার। পরে অপহরণের পর নির্যাতন করে হত্যার অভিযোগে ওই রাতেই অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন মিনু। মিঠু সিরাজগঞ্জ সদর উপজেলার রায়পুর এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে। তিনি সিরাজগঞ্জের একটি ইসলামিয়া ডিগ্রি কলেজের বিএ প্রথম বর্ষে পড়াশোনার পাশাপাশি অনলাইনে শাড়ির ব্যবসা করতেন।
খোঁজ নিয়ে জানা গেছে, মিঠুর বাবা ছয় মাস আগে মারা গেছেন। তাঁর মা-ও দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত। বাবার মৃত্যুর পর থেকে পড়াশোনার পাশাপাশি অনলাইনে শাড়ির ব্যবসা করে সংসার চালাতেন মিঠু। স্থানীয় বিভিন্ন হাট থেকে শাড়ি সংগ্রহ করে অনলাইনে বিক্রি করলেও নরসিংদীর বাবুরহাটের কাপড় বিক্রির ইচ্ছা ছিল তাঁর। এ জন্য গত বুধবার সকালে সিরাজগঞ্জ থেকে নরসিংদীর উদ্দেশে রওনা হন। ঢাকায় পৌঁছার পর তিনি এক আত্মীয়ের বাড়িতে দুপুরের খাবার খান। পরে সন্ধ্যা ছয়টার দিকে নরসিংদী পৌঁছে পরিবারের সদস্যদের কাছে কল করে ঠিকঠাক পৌঁছানোর খবর জানান। তবে নরসিংদীতে ঠিক কাদের কাছে তিনি গিয়েছিলেন, তা কেউ জানতেন না।
নিহত ব্যক্তির পরিবারের ভাষ্য, ফেসবুকে পরিচয় হওয়া দুই বন্ধুর ভরসায় গত বুধবার সন্ধ্যায় নরসিংদীতে আসার পর অপহরণের শিকার হন তিনি। ওই দিন রাত প্রায় ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত অন্তত ৫০ বার মিঠুর মুঠোফোন থেকে কল করে এক লাখ টাকা মুক্তিপণ চান তাঁরা। এমনকি হত্যাকাণ্ডের পরদিন বৃহস্পতিবার সকাল ১০টার দিকে যখন পুলিশ মিঠুর লাশ উদ্ধার করছিল, তখনো মুক্তিপণের টাকা চেয়েছিলেন অপহরণকারীরা।
মিনু আক্তার বলেন, বুধবার রাত ৮টার একটু আগে মিঠু তাঁর নিজের মুঠোফোন নম্বর থেকে কল করে তাঁদের জানান, তাঁকে আটকে রেখে মারধর করা হচ্ছে। তাঁর বিকাশ নম্বরে দ্রুত এক লাখ টাকা পাঠিয়ে দিতে বলেন মিঠু, নইলে ‘তারা আমাকে মেরে ফেলবে’ বলেন। তখন অপহরণকারীদের একজন ফোনটা ধরে বলেন, ‘আপনারা এই মুহূর্তে যদি এক লাখ টাকা পাঠান, তাহলে আপনার ভাইকে আমরা ছেড়ে দেব।’ মিনু আক্তার তাঁকে বলেন, ‘এখন তো রাত প্রায় ৮টা বাজে, এই সময় তো কারও কাছে টাকা চেয়ে পাব না, একটু সময় দিন, আমি টাকা পাঠানোর ব্যবস্থা করছি।’ রাত ১২টা পর্যন্ত অন্তত ৫০ বার মিঠুর ফোনেই অপহরণকারীদের সঙ্গে তাঁদের কথা হয়েছে। ফোনে কথা বলার পুরোটা সময় মারধর ও মিঠুর কান্নার শব্দ শুনেছেন। এমনকি রাত ১২টার দিকে যখন সিরাজগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করা হচ্ছিল, তখনো মুক্তিপণের টাকা চেয়েছিলেন অপহরণকারীরা। অথচ পুলিশ তখনো কোনো ব্যবস্থা নেয়নি।