টিকা নিতে বগুড়ার সেই দুর্গম চরের বাসিন্দাদের ভিড়
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ী ইউনিয়নের দুর্গম যমুনার চরাঞ্চলের বাসিন্দারা অবশেষে করোনাভাইরাসের টিকা নিয়েছেন। গত শনিবার গণটিকা কার্যক্রমে চরাঞ্চলের মানুষ সাড়া না দেওয়ায় সোমবার সেখানে আবার টিকা প্রদানের উদ্যোগ নেওয়া হয়। আগে থেকে প্রচারণা চালানোয় টিকা নিতে অনেক মানুষ ভিড় করেন। মজুত ফুরিয়ে যাওয়ায় অনেককে টিকা না নিয়েই ফিরতে হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, চালুয়াবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) পক্ষ থেকে এক দিন আগেই বাড়ি বাড়ি গিয়ে টিকাকেন্দ্রে আসার জন্য লোকজনকে উদ্বুদ্ধ করা হয়। সকাল নয়টা থেকে চালুয়াবাড়ি ইউনিয়নের বিরামের পাঁচগাছি চরে অস্থায়ী কেন্দ্রে টিকাদান কার্যক্রম শুরু হয়। টিকা নিয়ে বিভিন্ন গুজবের কারণে দুদিন আগে লোকজন এলেও আজ টিকাকেন্দ্রে মানুষের ঢল নামে। ৩০০ জনকে টিকাদানের পর দুপুর ১২টার মধ্যে মজুত ফুরিয়ে যায়।
চালুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান শওকত আলী প্রথম আলোকে বলেন, গত শনিবার যমুনার দুর্গম চরবেষ্টিত এই ইউনিয়নের শিমুলতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় টিকাদান কেন্দ্রে ৬০০ জনকে টিকা দেওয়ার কথা ছিল। কিন্ত টিকা ‘আতঙ্কে’ অনেকেই কেন্দ্রে আসেননি। বাড়ি বাড়ি গিয়ে লোকজনকে ডেকে এনে সারা দিন অপেক্ষার পর এই কেন্দ্রে শ খানেক মানুষ টিকা নিতে আসেন। শেষে এ কেন্দ্রের দুটি বুথের জন্য বরাদ্দ দেওয়া ৪০০ টিকা পাশের বিরামের পাঁচগাছি চরে পাঠানো হয়। সেখানে বাড়ি বাড়ি গিয়ে লোকজনকে ডেকে অস্থায়ী টিকাকেন্দ্রে জড়ো করা হয়। দিন শেষে এই অস্থায়ী টিকাকেন্দ্রে প্রায় ২০০ জনকে টিকা দেওয়া সম্ভব হয়। এই ইউনিয়নের জন্য বরাদ্দের ৩০০ টিকা থেকে যায়।
ইউপি চেয়ারম্যান শওকত আলী আরও বলেন, সোমবার বিরামের পাঁচগাছি চরে অস্থায়ী কেন্দ্রে সেই টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এক দিন আগেই বাড়ি বাড়ি গিয়ে নানাভাবে লোকজনকে বুঝিয়ে টিকাকেন্দ্রে জড়ো করা হয়। এতে কাজও দেয়।
দায়িত্বরত ব্যক্তিরা জানান, অস্থায়ী কেন্দ্রে টিকাদানের জন্য দুটি বুথ স্থাপন করা হয়। সকাল নয়টা থেকেই টিকাকেন্দ্রে মানুষের ঢল নামে। টিকা নিতে আসা লোকজনকে সামাল দিতে হিমশিম খেতে হয়। দুপুর ১২টার মধ্যে ৩০০ মানুষকে টিকা দেওয়া শেষ হয়। এ সময় অন্তত ১০০-১৫০ জন টিকা নিতে এসে ফেরত যান।
টিকা নিতে আসা খাটিয়ামারি চরের জাহিদুল ইসলাম (৪৬) প্রথম আলোকে বলেন, ‘এক দিন আগেই টিকা লিবার ভয়ে বাড়িত থ্যাকে পালিয়ে বেড়াচি। চিয়ারমিন-মিম্বর ভয় ভাঙ্গে দিচে। আজ বিয়ান থ্যাকে ব্যামাক (সব) মানুষ টিকা লিবার আচ্চে। টিকা না পায়্যা অনেকেই ফেরত যাচ্চে।’