টেকনাফে পাহাড়ি ছড়ায় আরও একটি মৃত হস্তীশাবক পড়ে আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাহাড়ি ছড়ার পানিতে ভাসমান অবস্থায় আরও একটি মৃত হস্তীশাবকের সন্ধান পাওয়া গেছে। শাবকটি উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন বন বিভাগের কর্মীরা। শনিবার সকাল ১০টার দিকে
প্রথম আলো

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি ছড়ার (ঝিরি) পানিতে ভাসমান অবস্থায় আরও একটি মৃত হস্তীশাবকের সন্ধান পাওয়া গেছে। মৃত হস্তীশাবকের বয়স আনুমানিক ৪-৫ বছর হতে পারে। এটি স্ত্রী হাতি। শাবকটির উদ্ধার তৎপরতা চালাচ্ছেন বন বিভাগের কর্মীরা। এর আগে গত সোমবার সকালে একই এলাকা থেকে আরও একটি হস্তীশাবকের ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।

আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরা শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে প্রায় ৫০০ গজ পশ্চিম পাশে হস্তীশাবকটির মৃতদেহ দেখতে পান স্থানীয় লোকজন। হস্তীশাবকের মৃতদেহটি পাহাড়ের ছড়ার পানিতে ভাসছিল। কক্সবাজার-১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

বন বিভাগ সূত্র জানায়, অনেক আগে থেকেই জাদিমোরা পাহাড়ি এলাকায় বন্য হাতির দল চলাচলের পাশাপাশি পানি পান করতে ওই ছড়ায় প্রতিনিয়ত আসা-যাওয়া করে আসছিল। বর্তমানে ওই এলাকার পার্শ্ববর্তী স্থানে মিয়ানমার থেকে আসা প্রায় ৪০ হাজারের বেশি রোহিঙ্গা শরণার্থী বসবাস করছে। রোহিঙ্গাদের দৈনন্দিন ব্যবহারের পানির জন্য ওই এলাকায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পাহাড়ের ছড়ার পানি সংরক্ষণ করার জন্য বাঁধ দেয় এবং হাতি চলাচলের পথ বন্ধ করে দিয়ে ওই এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ করে। ওই সময় বন বিভাগ বাধা দিলেও কাজ হয়নি।

পাহাড়ি ছড়ার পানিতে ভাসমান মৃত হস্তীশাবকটি। শনিবার সকালে টেকনাফের শালবাগান ২৬ নম্বার রোহিঙ্গা ক্যাম্প থেকে প্রায় ৫০০ গজ পশ্চিমে
প্রথম আলো

এপিবিএন অধিনায়ক ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সীমানার কাঁটাতারের বাইরে প্রায় ৫০০ গজ পশ্চিমে হস্তীশাবকটির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যক্তিরা খবর দেন। পরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি দল ঘটনাস্থলে গিয়ে বন বিভাগকে খবর দেয়। সকাল ১০টার দিকে জেলা দক্ষিণ বন বিভাগের টেকনাফ সদর বিট কর্মকর্তা সৈয়দ আশিক আহমদ ঘটনাস্থলে যান।

বিট কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ বলেন, ছয় দিনের মাথায় একই এলাকা থেকে আরও একটি হস্তীশাবকের মৃতদেহ উদ্ধারে তৎপরতা চলছে। পাহাড়ে অবস্থান করা সন্ত্রাসীরা হাতির দলকে গুলি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুবা প্রায় এক হাজার ফুট ওপর পাহাড়ের চূড়া থেকে পড়ে হস্তীশাবকটির মৃত্যু হতে পারে। হস্তীশাবকটির অন্তত ৩-৪ দিন আগে মৃত্যু হয়েছে। তিনি বলেন, মৃত হস্তীশাবকটির ময়নাতদন্তের জন্য উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে খবর দেওয়া হয়েছে এবং ঘটনাস্থল থেকে শাবকটি উদ্ধারে তৎপরতা চলছে।