ঠাকুরগাঁওয়ে হাসপাতালে অক্সিজেনের অভাবে শিশুমৃত্যুর ঘটনায় মামলা
ঠাকুরগাঁও সরকারি আধুনিক সদর হাসপাতালে নিরবচ্ছিন্ন অক্সিজেনের অভাবে ১০ মাস বয়সী শিশু সামাইরা ফালাকের মৃত্যুর ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে আদালতে মামলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন শিশুটির বাবা ফয়সাল মাহমুদ।
মামলায় ঠাকুরগাঁও সরকারি আধুনিক সদর হাসপাতালের নার্স উম্মে কুলসুম (৩২) ও কামরুন নাহার (৩৪) এবং স্থানীয় ব্যবস্থাপনায় নিয়োগ পাওয়া ওয়ার্ডবয় মিলন চন্দ্রকে (৩০) আসামি করা হয়েছে।
এজাহারে বাদী ফয়সাল মাহমুদ অভিযোগ করেন, হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের অবহেলার কারণে নিরবচ্ছিন্ন অক্সিজেন না পেয়ে তাঁর মেয়ে মারা যায়। আদালতের বিচারক এস রমেশ কুমার ডাগা মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের জন্য নির্দেশ দিয়ে ১৮ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।
ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়া মহল্লার বাসিন্দা ফয়সাল মাহমুদের মেয়ে সামাইরা হৃদরোগ নিয়েই জন্ম নেয়। সম্প্রতি শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সেখানকার চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল নুরুন নাহার ফাতেমা শিশুটিকে চিকিৎসা দেন। চিকিৎসা পেয়ে সামাইরা সুস্থ হয়। সে সময় চিকিৎসক বলেছিলেন, মাঝেমধ্যে শিশুটির শ্বাসকষ্ট দেখা দিতে পারে, তখন তাকে অক্সিজেন দিতে হবে। এর মধ্যে কয়েকবার শ্বাসকষ্ট দেখা দিলে স্বজনেরা সামাইরাকে শহরের একটি ক্লিনিকে নিয়ে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করেন।
১২ ডিসেম্বর রাত আটটার দিকে সামাইরার শ্বাসকষ্ট দেখা দেয়। তখন তাকে শহরের এহিয়া নামের বেসরকারি একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে সংস্কারকাজ চলায় অক্সিজেন দেওয়া সম্ভব হয়নি। পরে রাত ১০টার দিকে পরিবার শিশুটিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করে। হাসপাতালের শিশু বিশেষজ্ঞ শাহজাহান নেওয়াজ স্বাস্থ্য পরীক্ষার পর ব্যবস্থাপত্র দিয়ে শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দেন। পাশাপাশি তিনি শিশুটির জন্য অক্সিজেনেরও ব্যবস্থা করে দেন।
কিন্তু হাসপাতালে চিকিৎসা নেওয়া অবস্থায় শ্বাসকষ্টের মাত্রা বেড়ে যাওয়ায় সামাইরাকে রংপুরে নিয়ে যেতে পারেননি স্বজনেরা। এ অবস্থায় শিশুটিকে অক্সিজেন দেওয়া হলে কিছুক্ষণের মধ্যে সিলিন্ডার খালি হয়ে যায়।
কিন্তু হাসপাতালে চিকিৎসা নেওয়া অবস্থায় শ্বাসকষ্টের মাত্রা বেড়ে যাওয়ায় সামাইরাকে রংপুরে নিয়ে যেতে পারেননি স্বজনেরা। এ অবস্থায় শিশুটিকে অক্সিজেন দেওয়া হলে কিছুক্ষণের মধ্যে সিলিন্ডার খালি হয়ে যায়। পরে কনসেনট্রেটর মেশিনের মাধ্যমে অক্সিজেনের ব্যবস্থা করা হয়। ১৩ ডিসেম্বর ভোরে কনসেনট্রেটর মেশিনে গোলযোগ দেখা দেওয়ায় অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে সামাইরার শ্বাসকষ্ট আরও বেড়ে যায়। সে সময় নার্সরা শিশুটির মুখ থেকে অক্সিজেনের নল খুলে দেয়। এতে সকাল আটটার দিকে সামাইরা মারা যায়।
এর আগে শিশুটির বাবা ফসয়াল মাহমুদ বলেছিলেন, কনসেনট্রেটর মেশিন কয়েক ঘণ্টা চলার পর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। বিষয়টি দায়িত্বে থাকা নার্স ও স্বাস্থ্যকর্মীরা জানার পরও নিরবচ্ছিন্ন অক্সিজেনের ব্যবস্থা না করে অক্সিজেনের নল খুলে দেওয়ায় তাঁর সন্তান মারা যায়।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, হাসপাতালে কেন্দ্রীয়ভাবে অক্সিজেন বিতরণের ব্যবস্থা নেই। তারপরও সিলিন্ডার অথবা কনসেনট্রেটর মেশিনের মাধ্যমে অক্সিজেন দেওয়া হয়। রাতে শিশুটিকে কনসেনট্রেটর মেশিনের মাধ্যমে অক্সিজেন দেওয়া হচ্ছিল। ঘণ্টা ছয়েক চলার পর মেশিনটি বন্ধ হয়ে যায়। এরপর অন্য ওয়ার্ড থেকে আরেকটি অক্সিজেনের সিলিন্ডার সংগ্রহ করে আনতে ১৫ মিনিট সময় লেগে যায়। এর মধ্যে শিশুটির অবস্থার আরও অবনতি হয়। পরে শিশুটি মারা যায়। এতে কারও গাফিলতি ছিল না।