ডাকাতকে চিনে ফেলাই কাল হলো মনিরের
লক্ষ্মীপুরের তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. মনির হোসেন ঠিকাদারি কাজের ব্যয় মেটাতে লাখ দুয়েক টাকা তুলেছিলেন। বিষয়টি শ্রমিক সরবরাহকারীরা জানতেন। কিন্তু মনির জানতেন না শ্রমিক সরবরাহকারীর পরিচয় দিয়ে তাঁর সঙ্গে ঘুরছে একদল ডাকাত। এই ডাকাতদের হাতেই পরে তাঁর প্রাণ যায়।
ঘরে ঢুকেই তারা মনিরকে টাকা দিতে বলে। এ সময় ডাকাতেরা একে অন্যের নাম ধরে ডাকছিল। তখন মনির তাদের চিনে ফেলেন।
আজ সোমবার রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মিলনায়তনের অতিরিক্ত উপমহাপরিদর্শক হাসিবুল আজিজ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, ১০ দিনের মাথায় হত্যাকাণ্ডের কারণ খুঁজে বের করে মূল আসামিদের গ্রেপ্তার ও হত্যার রহস্য উন্মোচন করেন পুলিশের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর। এ ঘটনায় চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।
মুক্তা ধর সাংবাদিকদের বলেন, ডাকাতি ও হত্যাকাণ্ডে যুক্ত ছিলেন নয়জন। ১৭ ডিসেম্বর দিবাগত রাত দেড়টার দিকে এদের একজন বাদে বাকিরা দেয়াল টপকে মনির হোসেনের ঘরে ঢোকে। প্রত্যেকের মুখে মুখোশ ছিল। এ সময় মনির ও তাঁর স্ত্রী মনোয়ারা বেগম ছিলেন এক ঘরে। অন্য ঘরে তাঁদের সন্তান। ঘরে ঢুকেই তারা মনিরকে টাকা দিতে বলে। এ সময় ডাকাতেরা একে অন্যের নাম ধরে ডাকছিল। তখন মনির তাদের চিনে ফেলেন। তিনি তাদের টাকা নিতে বাধা দেন। তখনই তারা হাতে থাকা লোহার রড দিয়ে মনির হোসেন ও তাঁর স্ত্রী মনোয়ারাকে আঘাত করেন। পরে তারা ওই টাকা ও এক জোড়া কানপাশা, তিনটি নাকফুল, দুই জোড়া কানের দুল নিয়ে পালায়। তাদের মধ্যে দুই বা তিনজন মনির হোসেনের মোটরসাইকেলে করে ঘটনাস্থল ছেড়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্বামী–স্ত্রীকে প্রথমে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে মনির হোসেন মারা যান। মনোয়ারা বেগম এখনো হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ১৮ ডিসেম্বরই লক্ষ্মীপুর সদর থানায় মামলা হয়।
ডাকাত আইয়ুবের বাসায় পাওয়া যায় মোটরসাইকেলটি
সিআইডির দলটি ১৮ ডিসেম্বর প্রথমে লক্ষ্মীপুরের মামুনুর রশীদকে (৩৫) গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুনুর ডাকাতির কথা স্বীকার করেন। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী এলআইসি টিম ধারাবাহিক অভিযান পরিচালনা করে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে ওই ডাকাতির সঙ্গে জড়িত আবুল কালাম আজাদ, ফারুক ও আইয়ুবকে গ্রেপ্তার করে। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী আইয়ুবের বাসা থেকে মোটরসাইকেলটি উদ্ধার হয়।
মুক্তা ধর জানান, ডাকাত দলের প্রধান আজাদের নামে লক্ষ্মীপুর থানায় চারটি, চন্দ্রগঞ্জ থানায় দুটি, কমলনগর, সুধারাম ও লাঙ্গলকোট থানায় তিনটি হত্যা ও ডাকাতির মামলা আছে। মামুনের নামে অস্ত্র ও আইয়ুব আলীর নামে নোয়াখালীর সুবর্ণচর এলাকায় হত্যাসহ নানা অভিযোগে মামলা হয়েছে। পুলিশ বলছে, এই ডাকাত দলটি চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় ডাকাতি করত।