ঢলের পানি বেশি দিন থাকে না, নেমে যাবে: সিলেটে পররাষ্ট্রমন্ত্রী
পাহাড়ি ঢলে সিলেটে এই মৌসুমে জলাবদ্ধতা নতুন কিছু নয় বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ বিষয়ে ছোটবেলার স্মৃতি তুলে ধরেন তিনি বলেন, শহরের পুকুর ও দিঘিগুলো ভরাট হয়ে যাওয়ায় জলাবদ্ধতা বেড়েছে। এ সমস্যা সমাধানে সিলেটঘেঁষা সুরমা ও কুশিয়ারা নদী ড্রেজিং করে নাব্যতা ফিরিয়ে আনার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। শুষ্ক মৌসুমে কাজগুলো করা হবে।
সিলেটে বন্যা পরিস্থিতি দেখতে আজ বুধবার দেড়টার দিকে নগরের চালিবন্দর এলাকার রামকৃষ্ণ বালিকা উচ্চবিদ্যালয় এবং মিরাবাজার এলাকার কিশোরী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্র পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বলেন, সিলেটের নদীগুলোর নাব্যতা কমে পানির ধারণক্ষমতা কমে গেছে। এ জন্য ড্রেজিংয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। কাজগুলো তাড়াতাড়ি করার উদ্যোগ নেওয়া হবে। শুষ্ক মৌসুমে কাজগুলো করা হবে।
বন্যায় ভয় পাওয়ার কিছু নেই মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সিলেটে এই মৌসুমে সব সময়ই ঢল নামে। পানি বেশি দিন থাকে না। ঢলের পানি নেমে যাবে। আমাদের ছেলেবেলা থেকে এমনটি দেখেছি। নগরের অভ্যন্তরে বিভিন্ন মাঠ, খাল ও পুকুর ভরাট এবং দখল হয়ে যাওয়ায় পানির ধারণক্ষমতা কমে গিয়ে পানি নামতে পারছে না। সিলেটকে বলা হতো দিঘির শহর। কিন্তু এখন সব পুকুর-দিঘি ভরাট করে বড় বড় বিল্ডিং করা হয়েছে। হাওরগুলো ভরাট করে ফেলেছি। এ জন্য সব নাগরিককে সচেতন থাকতে হবে। খাল, পুকুর ভরাট করা যাবে না।’
সিলেট নগরের খাল ও পুকুর রক্ষায় সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের খেয়াল রাখার নির্দেশ দেন সিলেট-১ আসনের এই সংসদ সদস্য। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের মানুষের জন্য আন্তরিক। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সহায়তা প্রেরণ করেছেন। প্রয়োজনে আরও বরাদ্দ দেওয়ার কথা বলেছেন। কোভিডের সময় সিলেটের মানুষ বিভিন্ন এলাকায় ত্রাণসহায়তা দিয়েছেন। এখনো অনেকে এগিয়ে আসবেন বলে ধারণা মন্ত্রীর।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুল হক। তিনি বলেন, সিলেটে বন্যাদুর্গত মানুষের জন্য ২৫ লাখ টাকা ও ২০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও বরাদ্দ দেওয়া হবে। দুর্যোগ মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে। সিলেটের বিভিন্ন এলাকা পরিদর্শন করে কর্মকর্তা সঙ্গে আলাপ করে ক্ষয়ক্ষতি পরিমাণ জানানো হবে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দুটি আশ্রয়কেন্দ্রে ত্রাণ ও খাদ্য বিতরণ শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী সিলেট সদর উপজেলার বিভিন্ন বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব কামরুল হাসান, সিলেট মহানগর পুলিশ কমিশনার নিশারুল আরিফ, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমান, সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।