পানিতে ডুবেছে রাস্তা, দুর্ভোগ নিয়েই পথ চলছে মানুষ

সিলেট নগরের তপোবন আবাসিক এলাকায় বন্যার পানিতে সৃষ্টি হয়েছে জনদুর্ভোগ। পানি মাড়িয়েই চলাচল করছেন মানুষজন। বুধবার সকালেছবি : প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তপোবন, সুরমা ও লেকসিটি। সিলেট নগরের এই তিন এলাকার অবস্থান পাশাপাশি। এসব এলাকায় এখন থই থই পানি। ডুবে গেছে পাড়া-মহল্লার রাস্তাঘাট, বাসাবাড়িতেও ঢুকেছে পানি। এসব এলাকার কয়েক শ পরিবার এখন ঘরবন্দী জীবন কাটাচ্ছে। তবে জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষেরা দুর্ভোগ সঙ্গী করেই হেঁটে পানিতে ভিজে গন্তব্যে যাচ্ছে। সব মিলিয়ে বানভাসি এসব মানুষ পড়েছে বিপাকে।

আজ বুধবার সকালে সরেজমিনে দেখা গেছে, তিনটি এলাকার মূল রাস্তাসহ পাড়া-মহল্লার রাস্তায় কোথাও হাঁটুপানি, আবার কোথাও কোমরসমান। পানিতে ময়লা-আবর্জনা ভাসছে। ছড়াচ্ছে উৎকট দুর্গন্ধ। কোথাও কোথাও গ্যাসের লাইন থেকে বুদ্‌বুদ করছে গ্যাস। রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করলেও তা ছিল সীমিত। বাসিন্দারা তাই নৌকা ও ভ্যানে করেও চলাচল করছে।

স্থানীয় লোকজন জানিয়েছেন, এই তিন এলাকার পাশে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অবস্থান। ফলে এখানে বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষক-শিক্ষার্থী বসবাস করেন। বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে। ফলে পানিতে ভিজে হেঁটে হেঁটেই তাঁরা বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করছেন। হাঁটতে গিয়ে অসাবধানতাবশত অনেকে পা পিছলে দুর্ঘটনায়ও পড়ছেন। তবে জরুরি প্রয়োজন ছাড়া কেউই বাসার বাইরে বেরোচ্ছেন না। পানিতে তলিয়ে যাওয়ায় পাড়া-মহল্লার বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ আছে।

একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, তপোবন, সুরমা ও লেকসিটি এলাকায় বাসা ভাড়া নিয়ে শিক্ষার্থীরা মেস করে থাকেন। কয়েক শ শিক্ষার্থী এসব এলাকার মেসে থাকছেন। বন্যার পানি ক্রমাগত বেড়ে চলায় কয়েক দিন ধরে মেসে নিয়মিত বুয়া আসছেন না। ফলে খাবারের সমস্যায় পড়েছেন শিক্ষার্থীরা। পানি থাকায় একাধিক মেসের ছাত্রীরা ক্যাম্পাসের আবাসিক হল ও অন্যত্র থাকা বান্ধবীদের বাসায়-মেসে আশ্রয় নিয়েছেন।
শাবিপ্রবির রসায়ন বিভাগের স্নাতকোত্তরে অধ্যয়নরত শিক্ষার্থী আরেফিন হাসান জানান, ফাইনাল পরীক্ষা চলছে। কোমরসমান পানি ডিঙিয়েই তাঁকে ক্যাম্পাসে যেতে হচ্ছে।

আরও পড়ুন
সিলেট নগরের সুরমা আবাসিক এলাকায় বন্যার পানিতে সৃষ্টি হয়েছে জনদুর্ভোগ। পানি মাড়িয়েই চলাচল করছেন মানুষজন। বুধবার সকালে
ছবি : প্রথম আলো

তপোবন আবাসিক এলাকার বাসিন্দা দিনমজুর বীরেন্দ্র দাশ (৫৫) বলেন, তিনি ২০ বছর ধরে এ এলাকায় থাকেন। ২০০৪ সালের পর এমন পানি তিনি কখনো দেখেননি। এবারের পানি ২০০৪ সালের চেয়েও বেশি। তাঁর বাসায় পানি উঠেছে। ফলে রান্নাবান্না করাও সম্ভব হচ্ছে না। এ অবস্থায় পরিবার-পরিজন নিয়ে পানিবন্দী জীবনে তাঁকে বিপাকে পড়তে হয়েছে।

সুরমা আবাসিক এলাকার বাসিন্দা সোমা বেগম (২৩) ও হেপী বেগম (৫০) জানান, তাঁরা বিভিন্ন বাসাবাড়িতে রান্না করে উপার্জন করে থাকেন। সুরমা আবাসিক এলাকার ৫ নম্বর সড়কের একটি টিনশেড ঘরে ভাড়ায় থাকেন। চার দিন ধরে তাঁদের বাসা কাঁধ পর্যন্ত পানিতে তলিয়ে আছে। এ অবস্থায় তাঁরা অন্যত্র আশ্রয় নিয়েছেন। বন্যার কারণে তাঁরা কাজেও যেতে পারছেন না। অথচ পরিবারের তাঁরাই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁরা কোনো ত্রাণ সহায়তাও পাননি। ফলে খুব কষ্টে দিন কাটছে তাঁদের।

আরও পড়ুন

শাবিপ্রবির লোকপ্রশাসন বিভাগের প্রথম বর্ষের ছাত্র প্রান্তিক দীপম থাকেন সুরমা আবাসিক এলাকার ৬ নম্বর সড়কে। তিনি মাত্র চার মাস আগে সিলেটে এসেছেন। নগরের রাস্তাঘাটও তেমন করে তাঁর চেনা হয়নি। দীপম জানান, গতকাল মঙ্গলবার রাতে ক্যাম্পাস থেকে ফেরার সময় পানিতে ডুবন্ত রাস্তায় চলার সময় একটি গর্তে পা ঢুকে গিয়ে অনেকটা কেটে যায়। আজ আবার এই পানি ডিঙিয়ে তাঁকে ক্যাম্পাসে যেতে হচ্ছে।

সুরমা আবাসিক এলাকার বাসিন্দা শাবিপ্রবির সমুদ্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, খুবই অস্বাভাবিক জীবন পার করছি। পানিবন্দী অবস্থায় যাওয়া-আসা করতে কষ্ট হয়। যানবাহন কম চলাচল করছে, তাই ভাড়াও দিতে হচ্ছে অতিরিক্ত। পরিস্থিতি দেখে যা মনে হচ্ছে, পাহাড়ি ঢল আর বৃষ্টি না কমলে এ অবস্থা থেকে মুক্তি মিলবে না।