তাণ্ডব চালানো সার্কাসের হাতিটিকে ট্রাকে করে নেওয়া হলো শেরপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বুধবার দুপুরে শিশির বাহাদুরকে শেকল পরিয়ে ট্রাকে করে বগুড়ার শেরপুরে নিয়ে যাওয়া হয়। লালমনিরহাট শহরের বঙ্গবন্ধু কলোনি থেকে তোলা
ছবি: প্রথম আলো

লালমনিরহাট শহরের একটি এলাকায় ঢুকে তাণ্ডব চালানো সার্কাসের হাতিটিকে শিকল পরিয়ে ট্রাকে করে বগুড়া জেলার শেরপুর উপজেলায় নেওয়া হয়েছে। দ্য লায়ন সার্কাসের ওই পুরুষ হাতিটির নাম শিশির বাহাদুর (২৮)।

আজ বুধবার দুপুরে লালমনিরহাট থেকে হাতিটিকে নিয়ে ট্রাকে করে শেরপুরের উদ্দেশে রওনা দেন মাহুত (হাতি দেখাশোনাকারী ব্যক্তি) মজিবর হোসেন। তাঁর সঙ্গে সহকারী মাহুত ও দ্য লায়ন সার্কাসের আরও কয়েকজন কর্মচারী রয়েছেন। সন্ধ্যায় হাতিটি নিয়ে তাঁরা শেরপুরে পৌঁছান।

এর আগে হাতিটি গত সোমবার শিকল ছিঁড়ে গিয়ে লালমনিরহাট শহরের রেলওয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকায় দুটি দোকান ভাঙচুর ও ১০–১৫টি গাছ উপড়ে ফেলে। এর ২৬ ঘণ্টা পর গতকাল মঙ্গলবার দুপুরে হাতিটিকে অচেতন করে নিয়ন্ত্রণে আনা হয়।

আরও পড়ুন

দ্য লায়ন সার্কাসের মালিক নিরঞ্জন সরকার বলেন, ‘পুরুষ হাতি শিশির বাহাদুরকে বগুড়ার শেরপুরে নেওয়া হচ্ছে। শেরপুরে আমাদের হাতি রাখার ব্যবস্থা রয়েছে। আপাতত সেখানে কয়েক দিন হাতিটি রাখা হবে। এরপর বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেব, এটি সিরাজগঞ্জে নেওয়া যায় কি না। সেখানে আমাদের সাধনা সার্কাস পার্টি অবস্থান করছে।’

দ্য লায়ন সার্কাস দলের লোকজন জানিয়েছেন, লালমনিরহাট রেলওয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত শিল্পপণ্য মেলায় তাঁরা শিশির বাহাদুরকে নিয়ে আসেন। গত সোমবার সকাল ১০টা থেকে হাতিটি শিকল ছিঁড়ে বেরিয়ে গিয়ে লালমনিরহাট শহরের রেলওয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের আধা কিলোমিটার এলাকায় তাণ্ডব চালায়। পরে এদিন সন্ধ্যায় শহরের বঙ্গবন্ধু কলোনির একটি বাঁশঝাড়ে গিয়ে আশ্রয় নেয় হাতিটি। রাতেও সেখানে অবস্থান করে। গতকাল মঙ্গলবার সকালে ঢাকার গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের অবসরপ্রাপ্ত বন্য প্রাণী বিশেষজ্ঞ তপন কুমার দের নেতৃত্বে তিন সদস্যের একটি দল হেলিকপ্টারে লালমনিরহাটে আসেন। এদিন দুপুরে উন্মত্ত হাতিটিকে ট্রাঙ্কুলাইজারগানের মাধ্যমে চেতনানাশক ওষুধ দিয়ে নিস্তেজ করা হয়। এভাবে ঘটনার ২৬ ঘণ্টা পর হাতিটি মাহুত মজিবর হোসেনের নিয়ন্ত্রণে আসে। এ দুদিন শিশির বাহাদুরকে নিয়ন্ত্রণ কাজে সহায়তা করেন পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বন বিভাগের লোকজন।

এ বিষয়ে গতকাল প্রথম আলোর অনলাইন সংস্করণে এবং আজ বুধবার রংপুর সংস্করণে প্রতিবেদন প্রকাশিত হয়।

দ্য লায়ন সার্কাসের মালিক নিরঞ্জন সরকার আজ দুপুরে প্রথম আলোকে বলেন, পুরুষ হাতি শিশির বাহাদুর উন্মত্ত আচরণ শুরু করলে সিরাজগঞ্জ থেকে দ্য সাধনা সার্কাসের মাদি হাতি রাশমণিকে ট্রাকে করে লালমনিরহাটে আনা হয়। আজ সকালে রাশমণিকে সিরাজগঞ্জে ফেরত পাঠানো হয়েছে। এখন শিশির বাহাদুরকে বগুড়ার শেরপুরে নেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘এ দুই দিনে আমার প্রায় চার লাখ টাকা খরচ হয়েছে। বিষয়টি শিল্পপণ্য মেলার তত্ত্বাবধান করা রংপুরের প্রিন্স ইভেন্ট ম্যানেজমেন্ট টিমকে অবহিত করা হয়েছে।’

প্রিন্স ইভেন্ট ম্যানেজমেন্টের মালিকপক্ষের একজন সাগর খান বলেন, আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। হাতি ছাড়াই সার্কাস চলবে।