তেঁতুলিয়ায় আশ্রয়ণ প্রকল্পের কাজ আবার শুরু
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মান্দুলপাড়া এলাকায় আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণকাজ আবার শুরু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে শুরু হওয়া নির্মাণকাজ বর্তমানে চলমান।
এর আগে মঙ্গলবার দুপুরে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের পাশের ওই আশ্রয়ণ প্রকল্পের কাজ শুরুর পর জমি নিয়ে বিজিবির পক্ষ থেকে আপত্তি জানানো হয়। এরপর নির্মাণকাজটি স্থগিত রাখা হয়।
উপজেলা প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণকাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান। এর কিছুক্ষণ পর ওই এলাকায় বিজিবি ওয়েলফেয়ার ট্রাস্টের জমি আছে দাবি করে বিজিবির কয়েকজন সদস্য এসে কাজ বন্ধ রাখার অনুরোধ করেন। পরে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সালেহ আহমেদ ঘটনাস্থলে পৌঁছে এক দিনের সময় চেয়ে নির্মাণকাজ স্থগিত রাখতে বলেন। এরপর নির্মাণকাজ স্থগিত করে উপজেলা প্রশাসন।
শুক্রবার বিকেলে তেঁতুলিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা বলেন, মঙ্গলবার নির্মাণকাজটি স্থগিত রাখা হয়। পরের দিন (বুধবার) পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের অনুমতি নিয়ে আবারও নির্মাণকাজ শুরু করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২–এর আওতায় তৃতীয় পর্যায়ে তেঁতুলিয়ায় ৪৫০ জন ভূমিহীনের জন্য ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বুড়াবুড়ি ইউনিয়নের ৩৫ জন ভূমিহীন ঘর পাবেন। তাঁদের মধ্যে ছয়টি পরিবারকে বরাদ্দ দেওয়া হয়েছে বুড়াবুড়ি ইউনিয়নের ডাহুক নদসংলগ্ন মান্দুলপাড়া এলাকায় ২৪২ নম্বর দাগের ১২ শতাংশ খাসজমি।
বিজিবির প্রতিবাদ
এ ঘটনায় মঙ্গলবার প্রথম আলো অনলাইনসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর প্রতিবাদ জানিয়ে শুক্রবার বিজিবির পক্ষ থেকে একটি সংবাদবিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশের কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, বিজিবির আপত্তির মুখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আশ্রয়ণ প্রকল্পের একটি কাজ স্থগিত করা হয়েছে। মূলত ওই প্রকল্পসংলগ্ন স্থানে বিজিবি ওয়েলফেয়ার ট্রাস্টের মালিকানাধীন জমি রয়েছে। এ ছাড়া আশ্রয়ণ প্রকল্পের স্থানটি সীমান্তের নিকটবর্তী হওয়ায় ভবিষ্যতে সীমান্ত ব্যবস্থাপনায় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে কোনো ধরনের প্রভাব পড়বে কি না—সে বিষয়ে প্রয়োজনীয় বিশ্লেষণপূর্বক সমন্বয়ের প্রয়োজন ছিল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজিবির সঙ্গে কোনো ধরনের সমন্বয় ছাড়া প্রকল্পের কাজ শুরু হওয়ায় সংশ্লিষ্ট বিজিবি ব্যাটালিয়ন বিষয়গুলো সমন্বয়ের জন্য জেলা প্রশাসকের কাছ থেকে এক দিন সময় চেয়ে নেয়। এখানে কাজে বাঁধা দেওয়া বা কাজ স্থগিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। সার্বিক বিষয় বিশ্লেষণ করে ওই দিন রাতেই বিজিবির পক্ষ থেকে প্রকল্পের ব্যাপারে পূর্ণ সহযোগিতা করার বিষয়টি জেলা প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়। পরের দিন থেকেই প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়।