দিনাজপুর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ ও পাসে এগিয়ে মেয়েরা
দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ উভয় ক্ষেত্রে এগিয়ে আছেন ছাত্রীরা। পাসের হার ৯২ দশমিক ৪৩। শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান আজ রোববার দুপুরে বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।
পাসের হারে সন্তুষ্টি প্রকাশ করে মুঠোফোনে পরীক্ষা নিয়ন্ত্রক প্রথম আলোকে বলেন, ২০২০ সালে অটো পাসের হিসাব বাদ দিলে আগের পাঁচ বছরের চেয়ে এবার উচ্চমাধ্যমিকের ফলাফল ভালো হয়েছে। ২০১৯ সালে সর্বোচ্চ পাস ছিল ৭১ দশমিক ৭৮ শতাংশ। সেখানে এবার পাসের হার ৯২ দশমিক ৪৩। অধিকাংশ শিক্ষার্থী ইংরেজি বিষয়ে ফলাফল খারাপ করেন। এবার সে বিষয়গুলোর পরীক্ষা না হওয়ায় পাসের হার বেড়েছে বলে মনে করেন তিনি।
করোনা মহামারির কারণে এবার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শুধু নৈর্বাচনিক তিনটি বিষয়ে পরীক্ষা হয়েছে। বাধ্যতামূলক অন্যান্য বিষয়ের ক্ষেত্রে শিক্ষার্থীর জেএসসি ও এসএসসির ফলাফল সমন্বয় করা হয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এবার ৬৭৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ১৩ হাজার ৪৪ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ১ লাখ ৪ হাজার ৪৮৪ জন। ফেল করেছেন ৮ হাজার ৫৬০ জন। তবে শুধু এক বিষয়েই ফেল করা শিক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৫১৫, যার হার ৫ দশমিক ৭৬।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, গত পাঁচ বছরের তুলনায় দিনাজপুর বোর্ডে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এবার জিপিএ-৫ পেয়েছেন ১৫ হাজার ৩৪৯ জন। এবার জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীসংখ্যা ৮ হাজার ১১৭ ও ছাত্রসংখ্যা ৭ হাজার ২৩২। জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে দুই বছর ধরে ধারাবাহিকভাবে এগিয়ে থাকছেন ছাত্রীরা।
এবার অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ হাজার ৯৪২। গত বছর এ সংখ্যা ছিল ২ হাজার ৬৪। অনুপস্থিতির হার বেশি হওয়ার বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, অসুস্থতাজনিত কিংবা অনেক শিক্ষার্থী ঢাকায় পোশাক কারখানাসহ বিভিন্ন জায়গায় কাজে যুক্ত হয়েছেন। করোনাকালে দীর্ঘ সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাও অনুপস্থিতির একটা কারণ।
এবার করোনা পরিস্থিতিতে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, মানবিক বিভাগের শিক্ষার্থীদের যুক্তিবিদ্যা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, পৌরনীতি ও সুশাসন, ভূগোল, অর্থনীতি ও সমাজবিজ্ঞান বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত এবং ব্যবসায় শিক্ষা বিভাগে হিসাববিজ্ঞান, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, ফিন্যান্স ব্যাংকিং ও বিমা, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। তবে সব বিভাগের ক্ষেত্রে শিক্ষার্থীরা তিন বিষয়ে পরীক্ষায় অংশ নিয়েছেন।
পাসের হারে বোর্ডে প্রথম রংপুর
এই শিক্ষা বোর্ডের অধীন রংপুর বিভাগের ৮টি জেলার ৬৬৭টি কলেজের পরীক্ষার্থীরা অংশ নেন। এর মধ্যে পাসের হারে প্রথম স্থানে আছেন রংপুর জেলা। এ জেলায় পাসের হার ৯৪ দশমিক ৮৫। পাস ৯৪ দশমিক ৫৮ শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে লালমনিরহাট জেলা। এ ছাড়া পাসের হার ৯৩ দশমিক ২৩ নিয়ে তৃতীয় অবস্থানে নীলফামারী এবং ৮৮ দশমিক ৮৩ শতাংশ নিয়ে সর্বশেষ অবস্থানে আছে পঞ্চগড় জেলা।