দুটি কার ছিনতাইয়ের জন্য দুই চালককে হত্যা করা হয় শ্বাসরোধে
নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে চাদর দিয়ে মোড়ানো অবস্থায় উদ্ধার দুই লাশের একজনের পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া জানিয়েছেন, দুটি প্রাইভেট কার ছিনতাইয়ের জন্যই এই দুই চালককে অপহরণের পর শ্বাসরোধে হত্যা করে মহাসড়কের পাশে ঝোপের মধ্যে লাশ ফেলে যায় দুর্বৃত্তরা।
পরিচয় নিশ্চিত হওয়া নিহত যুবকের নাম মো. রুবেল মিয়া (২৬)। তিনি নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার খানেপুর বটতলা গ্রামের সিএনজিচালক মো. তোফাজ্জল হোসেনের ছেলে। নিহত রুবেল স্নাতক শেষ করার পর চাকরি খোঁজার পাশাপাশি তাঁর এক বন্ধুর প্রাইভেট কার ভাড়া নিয়ে মাঝেমধ্যে চালাতেন।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শিবপুরের বাঘাব ইউনিয়নের সোনাইমুড়ি টিলা–সংলগ্ন শ্রীফুলিয়া বাসস্ট্যান্ড এলাকার একটি ঝোপ থেকে তাঁদের দুজনের লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা তাঁদের শ্বাসরোধে হত্যার পর চাদরে মুড়িয়ে লাশ মহাসড়কের পাশে ফেলে রেখে যায়।
থানা-পুলিশ ও স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা ১১টার দিকে মহাসড়কের পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন একটি ঝোপে দুটি চাদরে মোড়ানো অবস্থায় লাশ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও শিবপুর থানা-পুলিশকে ঘটনাটি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত ব্যক্তিদের একজনের গলায় মাফলার প্যাঁচানো ও অন্যজনের গলায় ওড়না প্যাঁচানো ছিল। পরে লাশ দুটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত একজনের পরনে ছিল জিনস ও ধূসর রঙের ফুলহাতা টি–শার্ট। অন্যজনের পরনে ছিল জিনস ও জলপাই রঙের হাফহাতা টি–শার্ট। এর মধ্যে দুই যুবকের লাশ উদ্ধারের খবর শুনে নিহত রুবেলের বাবা মো. তোফাজ্জল হোসেন ঘটনাস্থলে এসে ছেলের লাশ শনাক্ত করেন। তবে নিহত অন্য যুবকের পরিচয় এখনো জানা যায়নি।
নরসিংদীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান জানান, নিহত ব্যক্তিদের গলায় এবং মুখে কিছু চিহ্ন পেয়েছেন তাঁরা। নিহত ব্যক্তিদের নাক দিয়ে রক্ত ঝরছে এবং জিব কামড় দেওয়া অবস্থায় ছিল। লাশ দেখে মনে হয়, মাফলার ও ওড়না দিয়ে পেঁচিয়ে তাঁদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে তাঁদের শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
রুবেলের বাবা মো. তোফাজ্জল হোসেন জানান, গতকাল বুধবার সকালে একটি ট্রিপ শেষে বাড়ি ফেরেন রুবেল। সকাল ১০টার দিকে আরেকটি ট্রিপের অফার পেলে তিনি দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যান। এর কিছুক্ষণ পর থেকে তাঁর মোবাইল বন্ধ পাওয়া যায়। লাশ নিতে এসে ছেলে হত্যার বিচার চেয়েছেন তোফাজ্জল হোসেন।
যে দুটি প্রাইভেট কার ছিনতাই হয়েছে, তাঁর একটির চালক ছিলেন নিহত রুবেল এবং অন্যটির চালক ছিলেন শাহজালাল নামের এক ব্যক্তি। আজ দুপুরে দুই যুবকের লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শাহজালাল। তিনি সাংবাদিকদের জানান, তাঁকে ট্রিপের কথা বলে ফোন করে এনেছিলেন রুবেল। রুবেলের প্রাইভেট কারে যাত্রী ছিলেন একজন। দুই প্রাইভেট কার মহাসড়কের বারৈচা এলাকায় পৌঁছার পর রায়পুরার দিকে যেতে বলেন ওই যাত্রী। পরে একটি অজ্ঞাত স্থানে তাঁদের একটি বাড়িতে আটকে রাখা হয়। সন্ধ্যার দিকে কৌশলে শাহজালাল সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হন। ফিরে এসে শাহজালাল দুই প্রাইভেট কারের মালিককে ঘটনা জানান। রাতভর মহাসড়কে ও রায়পুরার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও রুবেল ও প্রাইভেট কার দুটির খোঁজ পাননি তাঁরা।
শাহজালাল বলেন, ‘প্রাইভেট কার দুটি ছিনিয়ে নেওয়ার জন্যই আমাদের ট্রিপের নাম করে অপহরণ করা হয়েছিল। অজ্ঞাত স্থানে নেওয়ার পরই আমাদের মুঠোফোন, মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। ঠিক কোথায় আমাদের আটকে রাখা হয়েছিল, তা–ও বুঝতে পারছিলাম না।’ বৃহস্পতিবার দুপুরে লাশ উদ্ধারের পর তিনি বলেন, ‘রুবেলকে শ্বাসরোধ করে মেরে আমাদের প্রাইভেট কার দুটি ছিনিয়ে নেয় তারা। নিহত অন্য যুবককে হয়তো অন্য কোথাও থেকে অপহরণ করা হয়ে থাকতে পারে।’
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া বলেন, ‘অজ্ঞাত স্থানে তাঁদের হত্যার পর কে বা কারা দুটি প্রাইভেট কার ছিনিয়ে নিয়েছে। একজনের পরিচয় জানা সম্ভব হলেও অন্যজনের পরিচয় জানার চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও অপরাধীদের গ্রেপ্তারে কাজ করছে পিবিআই, সিআইডি, ডিবি ও শিবপুর থানা-পুলিশের সদস্যরা। আশা করছি, দ্রুত অপরাধীদের খুঁজে বের করতে সক্ষম হব।’