দুদকের মামলায় বাগেরহাটের মেয়রকে কারাগারে পাঠানোর নির্দেশ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আত্মসমর্পণের পর বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান ও পৌরসভার সাবেক সচিব মোহম্মদ রেজাউল করিমকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার সকালে তাঁরা জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুদকের আইনজীবী মিলন ব্যানার্জি প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। দুপুর দেড়টার দিকে তিনি বলেন, মেয়র হাবিবুর রহমান ও পৌরসভার সাবেক সচিব মোহম্মদ রেজাউল করিম এখনো আদালত চত্বরেই আছেন। তাঁদের দুজনকে কারাগারে নেওয়ার প্রস্তুতি চলছে।
এদিকে এই দুজনের পক্ষে বাগেরহাট আইনজীবী সমিতির সভাপতি এ কে আজাদ ফিরোজ টিপু নেতৃত্বে প্রায় ৩০০ জন আইনজীবী শুনানিতে অংশ নেন।
পৌরসভার বিভিন্ন পদে নিয়োগ ও নতুন হাসপাতাল ভবন নির্মাণের নামে অর্থ আত্মসাতের অভিযোগে পৌর মেয়র খান হাবিবুর রহমানের বিরুদ্ধে গত বছরের ২৫ নভেম্বর পৃথক দুটি মামলা করে দুদক। দুদকের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ বাদী হয়ে মামলা দুটি করেন।
এর মধ্যে পৌরসভার বিভিন্ন পদে নিয়োগের নামে টাকা আত্মসাতের মামলায় মেয়র হাবিবুরসহ ১৮ জনকে আসামি করা হয়। ২০১৭ সালের ২৩ মার্চ নিয়মনীতি না মেনে ক্ষমতার অপব্যবহার করে মেয়র হাবিবুর রহমান অবৈধভাবে ১৭ জনকে পৌরসভার বিভিন্ন পদে নিয়োগ দেওয়ার মাধ্যমে ১ কোটি ২৬ লাখ ৮৮ হাজার ৫৩ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।
অপর মামলায় অভিযোগ করা হয়, ২০১৪-১৫ অর্থবছরে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পৌরসভার উন্নয়নের জন্য স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডে দুই কোটি টাকা জমা করে। ওই টাকা থেকে আবাহনী ক্লাব ও ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন নির্মাণের জন্য ৫০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়। তবে পৌর মেয়র হাবিবুর রহমান ও তৎকালীন সচিব মোহম্মদ রেজাউল করিম ভবন নির্মাণ না করে পরস্পর যোগসাজশে ব্যাংক থেকে এক কোটি টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।
খুলনা-বাগেরহাট সড়ক অবরোধ
এদিকে মেয়র হাবিবুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশের প্রতিবাদে বেলা একটার দিকে খুলনা-বাগেরহাট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তাঁর সমর্থকেরা। খুলনা-বাগেরহাট মহাসড়কের দশানি, ভিআইপি মোড় ও বাসস্ট্যান্ড মোড় এলাকায় মেয়রের সমর্থকেরা সড়কের ওপর আড়াআড়ি করে বাস রেখে সড়ক অবরোধ করেন। এতে খুলনা-বাগেরহাট মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
এক ঘণ্টা পর বেলা দুইটার দিকে অবরোধ তুলে নেন কর্মী-সমর্থকেরা। বিক্ষোভের ছবি তুলতে গেলে বিক্ষোভকারীরা আলোকচিত্রীদের দিকে লাঠি ছুড়ে মারেন।