দৃষ্টিহীন চয়নের স্নাতকে ভর্তির দায়িত্ব নিলেন ইউএনও
সুনামগঞ্জে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া দৃষ্টিহীন চয়ন তালুকদারের স্নাতকে ভর্তির আর্থিক দায়িত্ব নিয়েছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। আজ সোমবার তিনি চয়ন ও তাঁর বাবাকে নিজ কার্যালয়ে ডেকে নিয়ে এ বিষয়ে কথা বলেন।
এর আগে গতকাল রোববার প্রথম আলো অনলাইনে ‘দৃষ্টিপ্রতিবন্ধী চয়ন এইচএসসি পাস করলেন যেভাবে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। সে প্রতিবেদন দেখে চয়নের খোঁজ করেন ইউএনও সাজেদুল ইসলাম। সোমবার নিজ কার্যালয়ে ডেকে নিয়ে তিনি চয়নের ভর্তির আর্থিক দায়িত্ব নেন। এ ছাড়া পড়াশোনা চালিয়ে যেতে আর্থিক সহায়তারও আশ্বাস দেন।
চয়ন তালুকদার বলেন, তাঁর স্বপ্ন পূরণে ইউএনও পাশে দাঁড়িয়েছেন। এ জন্য তিনি কৃতজ্ঞ। সবার সহযোগিতার মর্যাদা দিতে তিনি পড়াশোনা চালিয়ে যাবেন।
চয়নের বাবা নিতাই তালুকদার পেশায় কৃষক। তিনি বলেন, চয়ন তাঁর বোনের কাছ থেকে পড়া শুনে শুনে মুখস্থ করেন। এভাবে প্রস্তুতি নিয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। ৩ দশমিক ৯২ জিপিএ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
এদিকে জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি ও যুক্তরাজ্যপ্রবাসী এম এ কাদিরও চয়নের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এর আগে এসএসসিতে উত্তীর্ণ হওয়ার পরও তিনি চয়নকে আর্থিক সহায়তা দেন।