দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরিস্বল্পতা, পারাপার ব্যাহত
ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় ঢাকাগামী কয়েক শ গাড়ি নদী পারাপারের অপেক্ষায় রয়েছে। মধ্যরাতে ভারী কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ এই নৌপথে দুই ঘণ্টার মতো ফেরি বন্ধ ছিল। প্রয়োজনের কমসংখ্যক ফেরি চলায় আজ শনিবার সকাল থেকে নিয়মিত গাড়ির সঙ্গে ফরিদপুরের আটরশিতে অনুষ্ঠিত ওরসফেরত গাড়ির চাপে ঢাকা-খুলনা মহাসড়কে যানজট তৈরি হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় জানায়, দ্বিতীয় দিনের মতো শুক্রবার দিবাগত মধ্যরাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ভারী কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে কুয়াশার মাত্রা বাড়তে থাকলে একপর্যায়ে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সামান্য দূরের বস্তু দেখতে পাওয়া যাচ্ছিল না বলে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়। এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া ছোট-বড় মিলে চারটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে। যানবাহনবোঝাই এসব ফেরি বাধ্য হয়ে নদীতে নোঙর করে অপেক্ষা করতে থাকে। কুয়াশার ভেতর মাঝনদীতে আটকে পড়া ফেরিতে যানবাহনের যাত্রী ও চালকেরা দুর্ভোগের শিকার হন।
সূত্র আরও জানায়, দুই ঘণ্টা পর আজ ভোর ৫টার পর কুয়াশার মাত্রা কমতে থাকলে ফেরি ছাড়তে শুরু করে। এর আগে গতকাল ভোরে দুই দফায় আরও দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে আটকা পড়ে কয়েক শ গাড়ি। সেই সঙ্গে নিয়মিত গাড়ির সঙ্গে ফরিদপুরের আটরশির ওরসফেরত গাড়ি আসায় বাড়তি চাপ তৈরি হয়। তবে আজ রাতের মধ্যে এসব গাড়ি নদী পাড়ি দিয়ে চলে যাবে বলে তিনি আশাবাদী।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় মিলে ১৭টি ফেরি চালু ছিল। এক সপ্তাহ ধরে একটি ইউটিলিটি ফেরি যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে মেরামতের জন্য কারখানায় পড়ে আছে। বাকি ১৬টি ফেরির মধ্যে দুই দিন আগে দুটি ফেরি নারায়ণগঞ্জের ডকইয়ার্ডে পাঠানো হয়েছে। ১৪টির মধ্যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নামের রো রো (বড়) ফেরিকে আরিচা-কাজিরহাট নৌপথে নিয়ে যাওয়া হয়েছে। আজ এই নৌপথে নতুন করে ফেরি চালু করা হয়েছে। বাকি ১৩টি ফেরি দৌলতদিয়া-পাটুরিয়া রুটে চলাচল করছে।
ফেরিস্বল্পতার পাশাপাশি কুয়াশায় ফেরি বন্ধ এবং ওরসফেরত অতিরিক্ত গাড়ির চাপে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ঘাট এলাকায় শুক্রবার দিনভর প্রায় ৬ কিলোমিটার গাড়ির লম্বা লাইন তৈরি হয়। এর ধারাবাহিকতায় শনিবারও গাড়ির চাপ অব্যাহত রয়েছে। এখনো কয়েক শ যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ঢাকাগামী গাড়ি নদী পারের অপেক্ষায় আটকা রয়েছে। দীর্ঘ সময় আটকা থাকায় বাড়তি দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রী ও যানবাহনের চালকেরা।
বরিশাল থেকে আসা যাত্রীবাহী পরিবহনের যাত্রী মিরাজ হোসেন বলেন, ‘দুই ঘণ্টার বেশি সময় ধরে সড়কে আটকে আছি। প্রচণ্ড গরমে এভাবে বাসে বসে থাকায় অসুস্থ হয়ে পড়ছি।’ যশোর থেকে আসা পণ্যবাহী গাড়ির চালক আবুল কালাম বলেন, ‘শুক্রবার রাতে দৌলতদিয়া ঘাটে এসে লম্বা লাইনে আটকা পড়ি। ১০ ঘণ্টার বেশি সময় ধরে এ লাইনে আটকা আছি। এভাবে আটকে থাকায় বাড়তি দুর্ভোগ পোহাতে হচ্ছে।’