নতুন ঘর ও দোকান পেলেন পিরোজপুরের নারী ভ্যানচালক রুমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপজেলা প্রশাসন থেকে উপহার পাওয়া দোকানে রুমা বেগম। আজ সকালে সদর উপজেলার ওদোনকাঠী গ্রামে
ছবি: প্রথম আলো

পিরোজপুর শহরে বেড়ে ওঠা রুমা বেগমের (৩৬) ঘরবাড়ি ছিল না। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর একমাত্র ছেলেকে নিয়ে জীবিকার তাগিদে তিনি ভ্যানে পানি ও করাতকলের কাঠ পরিবহন করতেন। তবে নারী হওয়ায় ভাড়া কম পেতেন বলে তাঁর অভিযোগ ছিল। আবার করোনাকালে কাজ না থাকায় আর্থিক টানাপোড়েনে পড়েছিলেন রুমা।

গত বছরের ২০ জুলাই রুমার সংগ্রাম নিয়ে ‘নারী বলেই ভ্যান চালিয়ে কম ভাড়া পান রুমা’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে আরও কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদন দেখে সদর উপজেলা প্রশাসন তাঁকে স্বাবলম্বী করার উদ্যোগ নেয়। মুজিব বর্ষে নির্মিত আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নির্মিত পাকা ঘর এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে ঘরের সঙ্গে চায়ের দোকান তৈরি করে দেওয়া হয়েছে। আর উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে দেওয়া হয়েছে দোকানের আসবাব ও প্রয়োজনীয় সরঞ্জাম।

আজ সোমবার সকালে পিরোজপুর সদর উপজেলার ওদোনকাঠী গ্রামের আশ্রয়ণ প্রকল্পের পাশেই রুমার চায়ের দোকানের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বশির আহমেদ। এ সময় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম ও সদর উপজেলার টোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইমরান আলম খান উপস্থিত ছিলেন।

ছোটবেলায় রুমার মা-বাবার বিচ্ছেদ হয়। এরপর মানুষের বাসাবাড়িতে কাজ করে তিনি বড় হয়েছেন। আট বছর আগে রুমার বিয়ে হয়। কিন্তু ছেলের বয়স যখন ছয় মাস, তখন স্বামীও তাঁকে রেখে চলে যান। এ সময় সন্তানকে নিয়ে তিন বেলা খাবার জোটানোই তাঁর জন্য কষ্টকর হয়ে পড়েছিল।

আজ সকালে আশ্রয়ণ প্রকল্পের পাশেই রুমার চায়ের দোকানের উদ্বোধন করেন ইউএনও বশির আহমেদ
ছবি: প্রথম আলো

ঘর পেয়ে রুমা আক্তার বলেন, ‘সংসার চালানোর জন্য ভ্যানে করে পৌরসভার পানি সরবরাহের কাজ করেছি। কিন্তু করোনার কারণে কাজ কমে যাওয়ায় পরে করাতকলের কাঠ পরিবহন করে জীবিকা নির্বাহ করেছি। আমি ঘর ও দোকান পেয়ে খুশি। ছেলেকে নিয়ে মাথা গোঁজার একটা জায়গা হয়েছে।’

ইউএনও বশির আহমেদ বলেন, ২০২১ সালে উপজেলার প্রশাসনের পক্ষ থেকে রুমা আক্তারকে একটি ঘর দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তবে ঘরটি শহর থেকে দূরে হওয়ায় রুমা যেতে চাচ্ছিলেন না। এরপর তাঁকে ঘরের সঙ্গে চায়ের দোকান করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তাঁকে কাজের জন্য শহরে আসতে না হয়।