নতুন ঘর পাচ্ছেন বিশ্বনাথের সেই আমিরুন
সিলেটের বিশ্বনাথ উপজেলার উত্তর ধর্মদা গ্রামের বন্যাকবলিত আমিরুন বেগমকে নতুন একটি ঘর বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও গণফোরাম নেতা মোকাব্বির খান। আজ শনিবার সন্ধ্যায় ওই নারীর বাড়ি গিয়ে তিনি এই প্রতিশ্রুতি দেন।
এর আগে ২৪ জুন প্রথম আলো অনলাইনে ‘কখন ঘর হেলে পড়ে—এই চিন্তায় ঘুম আসে না পঞ্চাশোর্ধ্ব আমিরুনের’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বন্যার পানি ঢুকে আমিরুনের মাটির ঘরটি দেবে যায়। চারপাশ বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় পরিবারটি খাবারের সংকটে পড়ে। দরিদ্র ওই পরিবার ঘর মেরামত তো দূরের কথা, ঠিকমতো তিন বেলা খেতেও পারছে না।
প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পরপরই অনলাইনে দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় সংসদ সদস্য মোকাব্বির খান ত্রাণসামগ্রী নিয়ে ওই নারীর বাড়িতে উপস্থিত হন। সংসদ সদস্যকে পাশে পেয়ে উচ্ছ্বসিত আমিরুন বেগম বলেন, ‘স্যার আওয়ায় আমরা খুশি অইছি। অলা বেআশ্রয়ে পড়ি গেছি। ঘরদুয়ার পাইননে ভাইঙা নিয়া গেছে।’
আমিরুনের বাড়ি পরিদর্শনে গিয়ে সংসদ সদস্য মোকাব্বির খান আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘প্রথম আলোর সংবাদ দেখে আমিরুন বেগমের কাছে ছুটে এসেছি। যেকোনো মুহূর্তে ওই নারীর ঘর ভেঙে যেতে পারে। খুবই ঝুঁকি নিয়ে পরিবার নিয়ে বসবাস করছেন ওই নারী। যেকোনো সময় ঘরটি হেলে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। এটা আমাকে অত্যন্ত পীড়া দিচ্ছে। দ্রুত তাঁর ঘর তৈরি করে দেওয়া হবে।’
এ সময় আমিরুনের হাতে সংসদ সদস্য চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, রসুন, মরিচ, হলুদ, ধনে, লবণ, চিড়া, গুড়সহ বিভিন্ন ধরনের খাদ্যপণ্য তুলে দেন। সংসদ সদস্যের সঙ্গে তাঁর ব্যক্তিগত সচিব আহমেদ কবীর আদনান, ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।