নতুন ব্রেইল মেশিন পেলেন জামালপুরের অন্ধ হাফেজ মতিউর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুক্রবার সকালে স্বপ্নিল নামে একটি স্বেচ্ছাসেবী দাতব্য প্রতিষ্ঠান হাফেজ মতিউর রহমানের হাতে একটি ব্রেইল মেশিন তুলে দেয়
ছবি: প্রথম আলো

ব্রেইল মেশিন বিকল হয়ে যাওয়ায় অন্ধদের জন্য পবিত্র কোরআন ও হাদিসের বই লিখে সংসার চালানো অন্ধ হাফেজ মতিউর রহমান (৫১) বিপাকে পড়েছিলেন। নতুন একটি ব্রেইল মেশিন পেলেন তিনি। আজ শুক্রবার সকালে স্বপ্নিল নামে একটি স্বেচ্ছাসেবী দাতব্য প্রতিষ্ঠান তাঁর হাতে মেশিনটি তুলে দেয়।

মতিউর রহমানের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের পূর্ব আমখাওয়া গ্রামে। চার বছর বয়সে গুটিবসন্ত রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। সঠিক চিকিৎসা না পাওয়ায় তাঁর চোখ দুটি অন্ধ হয়ে যায়। মা-বাবাকেও হারিয়েছেন ছোট বয়সেই।

গত ২৪ জানুয়ারি ‘ব্রেইল মেশিন নষ্ট হয়ে কর্মহীন অন্ধ হাফেজ, ছয় মাস ঘুরেও পাননি সহযোগিতা’ শিরোনামে প্রথম আলো অনলাইনে প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরদিন ‘ব্রেইল মেশিন নষ্ট হয়ে কর্মহীন দেওয়ানগঞ্জের অন্ধ হাফেজ’ শিরোনামে প্রতিবেদনটি ছাপা হয় প্রথম আলো পত্রিকায়। প্রতিবেদন প্রকাশের পর অনেকে মতিউর রহমানকে সহযোগিতার জন্য সাড়া দেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে স্বপ্নিল নামে একটি স্বেচ্ছাসেবী দাতব্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মো. ফয়সাল হক ও প্রতিষ্ঠাতা সদস্য মো. মনিরুল আলম মতিউর রহমানের বাড়িতে যান। পরে নতুন একটি ব্রেইল মেশিন তাঁর হাতে তুলে দেন। এর আগে স্থানীয় উপজেলা প্রশাসন মতিউরের দায়িত্ব নেয়। এ ছাড়াও তাঁকে সাহায্য করতে দেশ-বিদেশ থেকে অনেকে সাড়া দিয়েছেন। কয়েকজন আর্থিকভাবে সহযোগিতা করেছেন। তাঁর ছেলের জন্য একটি প্রতিষ্ঠান কম্পিউটার দিয়েছে।

আরও পড়ুন

স্বপ্নিলের প্রতিষ্ঠাতা মো. ফয়সাল হক বলেন, প্রথম আলোতে মতিউর রহমানের মানবিক প্রতিবেদনটি চোখে পড়ে। পরে মতিউরের সঙ্গে যোগাযোগ করা হয়। ব্রেইল মেশিন সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করা হয়। মেশিনটি বাংলাদেশের কোথাও পাওয়া যাচ্ছিল না। পরে যুক্তরাষ্ট্র থেকে মেশিনটি কিনে আনা হয়। এটি বাংলাদেশে পৌঁছতে তিন সপ্তাহ লেগে যায়। মতিউরের হাতে আজ তুলে দেওয়া হয়েছে মেশিনটি। মতিউরের হাতে এটি তুলে দিতে পেরে ভালো লাগছে বলে জানান তিনি।

আরও পড়ুন

মতিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘প্রথম আলোতে খবর প্রকাশের পর আমার অনেক কিছুই পাল্টে গেছে। ইতিমধ্যে প্রথম আলোর খবর পড়ে আমাকে সহযোগিতার হাত বাড়িয়েছেন অনেকে। এর মধ্যে স্বপ্নিল আমাকে নতুন একটি ব্রেইল মেশিন দিয়েছে। অনেক ভালো লাগছে। আবার আমি অন্ধদের জন্য পবিত্র কোরআন ও হাদিসের বই লেখার সুযোগ পেলাম।’ এ জন্য স্বপ্নিল ও প্রথম আলোকে কৃতজ্ঞতা জানান তিনি।