‘নতুন ১১২ আইন কর্মকর্তার ৩০ জন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী জেলার মানচিত্র

রাজশাহী আইনজীবী সমিতির বঙ্গবন্ধু কর্নারে আজ বৃহস্পতিবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আইনজীবী পরিষদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। ওই সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত বছর নিয়োগ পাওয়া নতুন ১১২ জন সরকারি আইন কর্মকর্তার মধ্যে অন্তত ৩০ জন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নন।

সম্প্রতি রাজশাহী আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ–সমর্থিত ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’ প্যানেলের ভরাডুবি হয়। বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, গণতান্ত্রিক আইনজীবী পরিষদ ও ওয়ার্কার্স পার্টি আইনজীবী পরিষদ নিয়ে এই প্যানেল ছিল।

ভরাডুবির বিষয়ে গত ৫ ফেব্রুয়ারি রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. মোজাফফর হোসেন প্রথম আলোকে একটি সাক্ষাৎকার দেন। সেখানে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সপক্ষের প্যানেলের ভরাডুবির জন্য দায়ী হাইব্রিডরা। এ ছাড়া আরও অনেক বিষয় নিয়ে তিনি সমালোচনা করেন। এরই ধারাবাহিকতায় আজ সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’ প্যানেলের একটি অংশ।

আজকের সংবাদ সম্মেলনে আইনজীবী মোজাফফর হোসেনের বিরুদ্ধেই অভিযোগ তোলা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন আইনজীবী সুশান্ত সরকার। সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আইনজীবী পরিষদ মনে করছে যে শর্ষের মধ্যেই ভূত ঢুকে পড়েছে। তাই পরাজয় ঘটেছে নির্বাচনে।

রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মোজাফফর হোসেন প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছিলেন, নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী বিএনপি-জামায়াতের সঙ্গে আঁতাত করেছিলেন। তাঁকে হাইব্রিডও বলেছিলেন তিনি। মোজাফফর হোসেন অতীতে রাজশাহী নগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। নির্বাচনে ভরাডুবির জন্য তিনি নির্বাচন পরিচালনা কমিটির দুই সদস্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সুশান্ত সরকার এই দুই সদস্যের একজন।

ওই অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলনে সুশান্ত সরকার বলেন, নির্বাচনে পরাজয়ের মূল্যায়ন বৈঠকের আগেই সম্মিলিত আইনজীবী পরিষদের ঐক্য ও ভাবমূর্তি নষ্ট করার জন্য পিপি অন্যদের অভিযুক্ত করে নিজের পদ-পদবি রক্ষায় সাক্ষাৎকার দিয়েছেন। এটা নিজ দায়িত্বে অবহেলা ও ভোটে ষড়যন্ত্র করার বহিঃপ্রকাশ এবং শাক দিয়ে মাছ ঢাকার শামিল।

সংবাদ সম্মেলনে বলা হয়, সরকারি আইনজীবীদের মধ্যে অন্তত ৩০ জন আওয়ামী আইনজীবী নন। তাঁরা ও তাঁদের পরিবার মুক্তিযুদ্ধবিরোধী পরিবার। তাঁদের গোপন তৎপরতা নজরে এসেছে। এই নির্বাচনে আইনজীবী মোজাফফর হোসেনের ভূমিকাও ছিল রহস্যজনক।

এই সংবাদ সম্মেলনে তোলা নানা অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোজাফফর হোসেন বলেন, ‘আমি মিটিং ডেকে সরকারি আইনজীবীদের বলেছি, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলে ভোট দেওয়ার জন্য। কিন্তু ১০-১৫ জন সাধারণ সম্পাদক পদপ্রার্থীর বিরুদ্ধে কাজ করেছে। আমরা যাঁরা বঙ্গবন্ধুর সান্নিধ্য পেয়েছি, তাঁরা একচুলও আওয়ামী লীগ থেকে সরব না। হাইব্রিডরাই আমাদের ভরাডুবির জন্য দায়ী। আর যাঁরা সংবাদ সম্মেলন করলেন, তাঁরা সংখ্যায় এত নগণ্য যে তাঁদের কাউন্টার করে বক্তব্য দেওয়া চলে না।’