নরসিংদীতে এক দিনে ১৬০ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাসের প্রতীকী ছবি

নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে নরসিংদী সদর, শিবপুর ও মনোহরদীতে করোনায় আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা ৯ হাজার ১৮৫। আজ শুক্রবার বিকেলে নরসিংদীর সিভিল সার্জন নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৫৮৩ জনের নমুনা পরীক্ষা করা  হয়। তাঁদের মধ্যে আরটি–পিসিআর ল্যাবে ৩৬৩ জনের নমুনা পরীক্ষায় ১০৯ জন ও র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ২২০ জনের নমুনার মধ্যে ৫১ জনের করোনা শনাক্ত হয়। তাঁদের মধ্যে সদর উপজেলায় ১১৯, রায়পুরায় ৫, বেলাবে ১০, মনোহরদীতে ১১, শিবপুরে ৭ ও পলাশ উপজেলায় ৮ জন রয়েছেন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ৪৪ শতাংশ।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে জেলায় মোট ৮১ জন মারা গেছেন। এর মধ্যে নরসিংদী সদরে ৩৭, পলাশে ৭, বেলাবে ৯, রায়পুরায় ১০, মনোহরদীতে ৭ ও শিবপুরে ১১ জন রয়েছেন।

আরও পড়ুন

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় এ পর্যন্ত ৪৪ হাজার ১২৬ জনের নমুনা পরীক্ষায় ৯ হাজার ১৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৬ হাজার ৮২৯ জন সুস্থ হয়েছেন। সবচেয়ে বেশিসংখ্যক রোগী শনাক্ত হয়েছেন সদর উপজেলায় ৪ হাজার ৯৪১ জন। এ ছাড়া শিবপুরে ১ হাজার ৬৮, পলাশে ১ হাজার ৪১০, রায়পুরায় ৫১৩, বেলাবে ৬২৩ ও মনোহরদীতে ৬৩০ করোনা রোগী শনাক্ত হয়েছেন।

জানতে চাইলে সিভিল সার্জন মো. নুরুল ইসলাম জানান, এ মুহূর্তে জেলায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা ২ হাজার ৩২৫। তাঁদের মধ্যে করোনা ডেডিকেটেড ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা সদর হাসপাতালে ৬৯ জন চিকিৎসাধীন। এ ছাড়া হাসপাতালটিতে উপসর্গ নিয়ে ভর্তি আছেন আরও ৫১ জন। নিজ বাড়িতে আইসোলেশনে আছেন ২ হাজার ২৫৬ জন।

আরও পড়ুন