নরসিংদীতে বাসে দলবদ্ধ ধর্ষণের মামলায় তিনজনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

নরসিংদী শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় বাসে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেপ্তার তিন আসামির এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেনাজ সিদ্দিকী আজ বুধবার দুপুরে এ আদেশ দেন।

এদিকে দলবদ্ধ ধর্ষণের শিকার কিশোরীর বয়স নির্ধারণের জন্য কিশোরগঞ্জে পাঠিয়েছে নরসিংদী মডেল থানার পুলিশ। আজ সকালে অভিভাবক ও নারী পুলিশের সহায়তায় ওই কিশোরীকে ২৫০ শয্যার কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পুলিশ বলছে, বয়স নির্ধারণের পরীক্ষা শেষে তাকে অভিভাবকদের জিম্মায় দিয়ে দেওয়া হবে।

মামলার তদন্ত কর্মকর্তা ও নরসিংদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ বলেন, এ ঘটনায় গ্রেপ্তার তিনজন বাসটির চালক মো. রাব্বি (২৪), চালকের সহকারী রাব্বি মিয়া (১৮) ও জাহিদুল ইসলামকে (২০) জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত তাঁদের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এই তিনজনকে ঢাকায় নিয়ে তাঁদের ডিএনএ পরীক্ষা করানো হবে।

গত সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে নরসিংদী শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় বাসে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই কিশোরীকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযুক্ত তিনজনকে আটক করে পুলিশ। পরে দুপুরে ওই কিশোরীর করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

আরও পড়ুন

ওই কিশোরীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে। সেখান থেকে সে এক পরিচিতের সঙ্গে দেখা করতে নরসিংদীতে এসেছিল।