নাসিরনগরে ট্রাক্টরচাপায় শিশুর মৃত্যুর তিন দিনেও আসামি গ্রেপ্তার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়কে শিশুর লাশ নিয়ে আহাজারি করছেন তার বাবা আউল মিয়া ও স্বজনেরা
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইটভাটার মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় শিশু রাসেল মিয়া (৭) নিহত হওয়ার ঘটনার তিন দিন পার হলেও মামলার আসামিদের কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ প্রথম আলোকে বলেন, ট্রাক্টরের চাপায় ওই শিশু নিহত হয়েছে। কিন্তু একটি পক্ষ ঘটনাকে ভিন্ন দিকে নিতে ইন্ধন জোগাচ্ছে। তবে তদন্তে যা বের হয়ে আসবে, সেভাবে প্রতিবেদন দেওয়া হবে। শিশুটির প্রতি ন্যায়বিচার করা হবে। ট্রাক্টরচালকের নাম-পরিচয় জানা গেছে। তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা হচ্ছে না। দ্রুত চালকসহ সব আসামিকে গ্রেপ্তার করা হবে।

নিহত রাসেল মিয়া (৭)
ছবি: সংগৃহীত

শিশু রাসেল উপজেলার হরিপুর ইউনিয়নের টেকপাড়া গ্রামের আউয়াল মিয়ার ছেলে। টেকপাড়া গ্রামেই ট্রাক্টরের চাপায় রাসেলের মৃত্যু হয়। এর দুই দিন পরে গতকাল বুধবার দুপুরে অবশেষে তার লাশ দাফন করা হয়। এর আগে ঘটনার প্রতিবাদে শিশুটির বাবা মামলা না নেওয়া পর্যন্ত লাশ দাফন না করার অঙ্গীকার করেন। পরে গত মঙ্গলবার রাতে মামলা নেয় পুলিশ।

রাসেলের পরিবার ও এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাপ্তান মিয়া ওই ট্রাক্টরে করে ইটভাটায় মাটি সরবরাহ করছিলেন। ট্রাক্টরে মাটি আনা-নেওয়া করার সময় গ্রামের রাস্তা নষ্ট হচ্ছিল জানিয়ে গত রোববার প্রতিবাদ জানিয়েছিলেন নিহত শিশুর বাবা আওয়াল মিয়া। আওয়ামী লীগ নেতা এতে ক্ষিপ্ত হয়ে তাঁকে প্রকাশ্যে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন। এর পরদিন সোমবার দুপুরে ট্রাক্টরচাপায় মৃত্যুর ঘটনা ঘটে।

তবে গতকাল ও আজ একাধিকবার চেষ্টা করেও কাপ্তান মিয়ার বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

দুর্ঘটনার পর শিশুর পরিবার নাসিরনগর থানায় মামলা করতে যায়। কিন্তু পুলিশ মামলা নিতে রাজি হয়নি। প্রতিবাদে রাসেলের লাশ নিয়ে এলাকাবাসী হরিপুর বাজার এলাকায় নাসিরনগর-মাধবপুর সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। শিশুর বাবা আওয়াল মিয়া মামলা না হওয়া পর্যন্ত ছেলের লাশ দাফন না করার ঘোষণা দেন। প্রায় ৩৬ ঘণ্টা পর মঙ্গলবার রাতে দায়িত্বে অবহেলার অভিযোগে হত্যা মামলা নেয় পুলিশ। এতে আওয়ামী লীগ নেতা কাপ্তান মিয়াকে প্রধান আসামি করা হয়। পরে গতকাল দুপুরে টেকপাড়া গ্রামে শিশুটির দাফন সম্পন্ন হয়।