রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক নিয়মশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এবং উপাচার্য ও তাঁর পরিবারের সদস্যদের জীবন রক্ষার্থে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ‘অবৈধ’ নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের কয়েকজনের নাম উল্লেখ করে রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য আনন্দ কুমারের পক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবদুস সালাম আজ সোমবার বিকেলে এই জিডি করেন।
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাঁরা এ বিষয়ে তদন্ত করে দেখবেন।
এর আগে গত বুধবার মহানগর পুলিশ কমিশনারের কাছে বিশ্ববিদ্যালয়ের শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য লিখিত আবেদন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর কয়েক দিনের মধ্যেই জিডি করল প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুস সালাম জানান, দায়িত্বপ্রাপ্ত উপাচার্য আনন্দ কুমার সাহা রেজিস্ট্রারের কাছে পত্রটি পাঠিয়েছিলেন। উপাচার্যের পক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জিডি করা হয়েছে। এটি প্রক্টরের মাধ্যমে থানায় গেছে।
এদিকে অবৈধ নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা সোমবার ক্যাম্পাসে মানববন্ধনে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাঁদের কর্মস্থলে যোগদান করতে দিতে হবে। যোগদানের স্থগিতাদেশ প্রত্যাহার করতে হবে। নইলে তাঁরা সামনে কঠোর আন্দোলনের ঘোষণা দেবেন। এমনকি বর্তমান রুটিন উপাচার্যের পদত্যাগের দাবিতেও তাঁরা আন্দোলন করবেন।
প্রশাসনের জিডিতে উল্লেখ করা হয়েছে, গত বছরের ১০ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় এক আদেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব নিয়োগপ্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দেয়। সেই নির্দেশ আমলে নিয়ে তৎকালীন উপাচার্য (আবদুস সোবহান) সব নিয়োগ স্থগিত রাখেন। কিন্তু তাঁর মেয়াদের শেষ দিন (৬ মে) স্থগিতাদেশ উপেক্ষা করে নিজ ক্ষমতাবলে ১৩৮ জনকে অ্যাডহক নিয়োগ দেন। নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে বিভিন্ন বিভাগে ৯ জন শিক্ষক আছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ১৯৭৩ সালের অ্যাক্ট সেকশন ২৯, ধারা সি-৪(৩) ভঙ্গ করে এ শিক্ষকদের নিয়োগ দেওয়া হয়। পুরো প্রক্রিয়াটি সুষ্ঠু তদন্তের জন্য শিক্ষা মন্ত্রণালয় চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। গঠিত তদন্ত কমিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে নানা তথ্য-উপাত্ত সংগ্রহ করে এবং শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেয়।
জিডিতে আরও উল্লেখ করা হয়েছে, সদ্য নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা তখন থেকে নিজ নিজ কর্মক্ষেত্রে যোগদানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন তথা আনন্দ কুমার সাহার ওপর বারবার চাপ বৃদ্ধি করতে থাকে। ১৯ জুন সকাল সাড়ে ৯টায় তাঁর বাসার গেটের সামনে ৫০-৬০ জন চাকরিপ্রত্যাশী হট্টগোল করতে থাকে। এমন পরিস্থিতিতে তাঁর স্ত্রী-কন্যারা চরম আতঙ্কিত হয়ে পড়েন। বাসার কম্পাউন্ডের মধ্যে তাঁরা প্রায় দুই ঘণ্টা অরাজক পরিস্থিতি তৈরি করে রাখেন। সেদিনের বিশৃঙ্খলকারীদের অন্যতম হলেন ফিরোজ মাহমুদ, মতিউর রহমান মূর্তজা প্রমুখ। শুধু তা-ই নয়, ২২ জুন সন্ধ্যা ৬টায় তাঁর বাসভবনের সামনে কয়েকজন এসে মহড়া প্রদর্শন করেন, তাঁদের অন্যতম ছিলেন ইন্দ্রনীল মিশ্র ও শাহরিয়ার মাহবুব। তাঁরা দুজন শেষ নিয়োগে শিক্ষক হয়েছেন।
আন্দোলনকারীদের বাধার কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে জানিয়ে জিডিতে বলা হয়েছে, ১৯ জুন ফাইন্যান্স কমিটির সভা ও ২২ জুন সিন্ডিকেট সভাও তাঁদের বাধার কারণে অনুষ্ঠিত হতে পারেনি। গুরুত্বপূর্ণ এই দুটি সভা না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। এর ফলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক নিয়মশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এবং তাঁর ও পরিবারের সদস্যদের জীবন রক্ষার্থে এই জিডি করেছেন বলে উল্লেখ করেছেন রুটিন দায়িত্ব পালনকারী উপাচার্য আনন্দ কুমার সাহা।
শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে গত ৬ মে উপাচার্য এম আবদুস সোবহান তাঁর কর্মদিবসের শেষ দিনে ১৩৮ জনকে অবৈধভাবে নিয়োগপত্র দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ত্যাগ করেন। সেই দিন বিকেলেই এই নিয়োগকে অবৈধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয় একটি চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসে তদন্ত করে ২৩ মে তদন্ত প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছে। এই নিয়োগে তদন্ত কমিটি বিদায়ী উপাচার্যসহ কয়েকজনের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে। এই নিয়োগে পদায়নের দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করে আসছেন নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা।