‘নিহত পুলিশ কর্মকর্তা রবিউলের উদ্যোগ অনুকরণীয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত পুলিশ কর্মকর্তা রবিউল করিমের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি দেন সহপাঠী, বন্ধু, স্বজন ও এলাকাবাসী। শুক্রবার মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম এলাকায়
ছবি: প্রথম আলো

ঢাকার গুলশানে হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত পুলিশ কর্মকর্তা রবিউল করিম ছিলেন মানবিক বোধসম্পন্ন ব্যক্তি। দেশ ও দেশের মানুষের প্রতি ছিল তাঁর সত্যিকার ভালোবাসা। অন্যের জীবন রক্ষায় তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। তাঁর মতো বীর পুলিশ সদস্যকে নিয়ে বাংলাদেশ গর্ববোধ করে। গ্রামের প্রত্যন্ত এলাকায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের কথা ভেবে তাদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। রবিউলের এ উদ্যোগ সবার জন্য অনুকরণীয়।

আজ শুক্রবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার বাসাই গ্রামে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিদ্যালয় ব্লমস প্রাঙ্গণে এক স্মরণসভায় পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান এসব কথা বলেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার (এসি) রবিউল করিম বিদ্যালয়টি প্রতিষ্ঠান করেন। রবিউল করিমের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁকে স্মরণ করে এ সভার আয়োজন করা হয়। বিশেষায়িত এ বিদ্যালয়সহ শিশুদের জন্য কাটিগ্রাম এলাকায় আরেকটি বিদ্যালয় তৈরি করেছেন রবিউল। এ ছাড়া এলাকায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে তাঁর পদচারণা ছিল।

আরও পড়ুন

স্মরণসভায় পুলিশ সুপার বলেন, রবিউলের উদ্যোগগুলো রক্ষা করা সবার দায়িত্ব। ধর্মীয় উৎসবে নিরাপত্তা দেওয়ার প্রয়োজনীয়তা যা এখন তৈরি হয়েছে, তা আগে ছিল না। ধর্মের নামে জঙ্গিবাদ কখনো সহ্য করা হবে না।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কাটিগ্রাম মাঠ থেকে শোকযাত্রা বের করা হয়। এতে নিহত রবিউলের সহপাঠী, বন্ধু, স্বজন ও এলাকাবাসী অংশ নেন। শোকযাত্রাটি রবিউলের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে বাসাই গ্রামে ব্লুমস প্রাঙ্গণে স্মরণসভায় মিলিত হয়। ব্লুমস পরিচালনা কমিটির সভাপতি জি আর শওকত আলীর সভাপতিত্বে ও রবিউলের ছোট ভাই শামসুজ্জামানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক ও ব্লুমসের সদস্য আবদুল আলীম খান।

আরও পড়ুন
হোলি আর্টিজানে নিহত পুলিশ কর্মকর্তা রবিউল করিমের স্মরণে শোক র‍্যালি বের করা হয়। শুক্রবার মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম এলাকায়
ছবি: প্রথম আলো

আবদুল আলীম খান বলেন, ‘মানুষের কল্যাণে কাজ করাই রবিউলের স্বপ্ন ছিল। তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের সেবা ও পুনর্বাসনের স্বপ্ন দেখতেন। তাঁর স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। যাঁরা ব্লুমসের শুরু থেকে এখন পর্যন্ত সহযোগিতা করছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা। যখনই সমাজ পরিবর্তনের কাজ শুরু করেছিলাম, তখনই নানা সীমাবদ্ধতার মধ্যে পড়তে হয়েছে। সেগুলো কাটিয়ে আজ আমরা এত দূর এসেছি।’

জি আর শওকত আলী বলেন, রবিউল আজ তাঁদের মাঝে না থাকলেও তাঁর কিছু অসম্পন্ন কাজ থেকে গেছে। সেগুলোর পূর্ণতা তাঁদেরই দিতে হবে। অবহেলিত শিশু-কিশোরদের সমাজের মূলধারায় যুক্ত করা যে স্বপ্ন রবিউল দেখেছিলেন, তা বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ব্যাপারে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

স্মরণসভায় সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান, বিশেষ শাখার পুলিশ সুপার অপু মোহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপস) হুসাইন মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) নূরজাহান লাবনী প্রমুখ উপস্থিত ছিলেন।

২০১৬ সালের ১ জুলাই হোলি আর্টিজান বেকারিতে দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করে জঙ্গিরা। খবর পেয়ে তাঁদের উদ্ধারে ঘটনাস্থলে ছুটে যান মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল করিম। তখন জঙ্গিদের ছোড়া গুলি ও গ্রেনেডের আঘাতে তিনি নিহত হন। একই ঘটনায় বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহউদ্দিনও নিহত হন।