নিয়ন্ত্রণ হারানো কাভার্ড ভ্যানের চাপায় নিহতের সংখ্যা বেড়ে ৫
নরসিংদীর রায়পুরায় নিয়ন্ত্রণ হারানো কাভার্ড ভ্যানের চাপায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় নেওয়ার পথে আহত দুই কৃষকের মৃত্যু হয়।
ঢাকায় নেওয়ার পথে মারা যাওয়া দুজন হলেন—রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদের মেশিনগড় গ্রামের বাচ্চু মিয়ার ছেলে শাজাহান মিয়া (৫০) ও জনাব আলীর ছেলে বাচ্চু মিয়া (৬৪)। স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের সদস্যরা তাঁদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।
আজ ভোর সাড়ে পাঁচটার দিকে রায়পুরার ঢাকা-সিলেট মহাসড়কের মুসাপুর ইউনিয়নের মাহমুদাবাদের মেশিনগড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারানো একটি কাভার্ড ভ্যান যাত্রীশূন্য একটি অটোরিকশা ও আটজন সবজির ক্রেতা-বিক্রেতাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন ও তাৎক্ষনিক হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।
এর আগে নিহত তিনজন হলেন, একই এলাকার সেন্টু মিয়ার ছেলে রিপন মিয়া (৩৫), তায়েব মিয়ার ছেলে মাসাকিন মিয়া (৪৫) ও ফজর আলীর ছেলে ফারুক মিয়া (৫০)। তাঁরা পাঁচজনই দুর্ঘটনার সময় মহাসড়কের একপাশে দাঁড়িয়ে সবজি বিক্রি করছিলেন।
দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে রায়পুরার মির্জাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মঞ্জুর এলাহী জানান, নিহত পাঁচজনই ছিলেন স্থানীয় কৃষক। তাঁরা তাঁদের জমিতে উৎপাদিত বিভিন্ন সবজি মহাসড়কসংলগ্ন বাজারটিতে এনে বিক্রি করতেন। এক দুর্ঘটনায় পাঁচ কৃষকের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান ভৈরবের দিকে যাচ্ছিল। মাহমুদাবাদের মেশিনগড় এলাকা অতিক্রমের সময় কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় এটি উল্টো পথে অর্থাৎ ডান পাশে চলে গিয়ে একটি যাত্রীশূন্য অটোরিকশা ও অন্তত আটজন সবজি ক্রেতা-বিক্রেতাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সবজি বিক্রি করতে আসা মাসাকিন মিয়া ও ফারুক মিয়ার মৃত্যু হয়। এ সময় অটোরিকশাটিও দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে পার্শ্ববর্তী ভৈরব বাজার ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে নিহত দুজনের লাশ উদ্ধার করেন।
নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা বলছেন, দুর্ঘটনার পর উপস্থিত স্থানীয় লোকজন আহত ছয়জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভৈরবের বিভিন্ন হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথেই রিপন মিয়ার মৃত্যু হয়।
আহত বাকি পাঁচজনকে স্থানীয় একাধিক বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাঁদের মধ্যে পরিস্থিতি বিবেচনায় শাজাহান মিয়া ও বাচ্চু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়। পরে ঢাকায় নেওয়ার পথে মাধবদী এলাকায় শাজাহান মিয়ার ও গাউসিয়া এলাকায় বাচ্চু মিয়ার মৃত্যু হয়। তাঁদের দুজনের লাশ এরই মধ্য তাঁদের বাড়িতে ফিরেছে।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হোসেন জানান, এ দুর্ঘটনায় প্রথমে তিনজনের মৃত্যুর খবর তাঁরা নিশ্চিত হয়েছিলেন। পরে ঢাকায় নেওয়ার পথে আরও দুজনের মৃত্যুর খবর শুনেছেন। তবে পরে নিহত দুজনের পরিবারের পক্ষ থেকে তাঁদের মৃত্যুর বিষয়টি এখনো জানানো হয়নি।