নড়াইলে অধ্যক্ষকে অপদস্থের ঘটনায় গ্রেপ্তার তরুণ কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরিয়ে অপদস্থের ঘটনায় আরও এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে তাঁকে খুলনা শহর থেকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ওই তরুণের নাম রহমতুল্লাহ বিশ্বাস ওরফে রনি। তিনি নড়াইল সদর উপজেলার রুখালি গ্রামের জাবের বিশ্বাসের ছেলে। রহমতুল্লাহ খুলনার সরকারি বিএল কলেজের স্নাতক শেষ বর্ষের ছাত্র। এর আগে মো. শাওন খান (২৮) নামের এক তরুণকে গ্রেপ্তারের পর তিনি অধ্যক্ষের গলায় জুতার মালা পরানোর কথা স্বীকার করেন। তিনি মির্জাপুর গ্রামের আবদুল মালেকের ছেলে ও মির্জাপুর বাজারের ফ্লেক্সিলোড ব্যবসায়ী।

আরও পড়ুন

পুলিশ জানিয়েছে, অধ্যক্ষকে তিন তরুণ জুতার মালা পরিয়েছেন বলে পুলিশ নিশ্চিত হয়েছে। তাঁর মধ্যে দুজন গ্রেপ্তার হলো। এ ছাড়া রুখালি গ্রামের সোয়েব নামের আরও এক তরুণ আছেন। তিনি যশোরের অভয়নগর উপজেলার সিঙ্গাড়ি আবদুল হক ডিগ্রি কলেজে পড়েন। পুলিশ তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহামুদুর রহমান বলেন, রহমতুল্লাহও অধ্যক্ষকে অপদস্থ করার কথা স্বীকার করেছেন। আজ দুপুরে তাঁর বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদা তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পাশাপাশি আগামী ৩ জুলাই রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন।

আরও পড়ুন

ঘটনার পর থেকে ওই কলেজ ও এলাকায় পুলিশ টহল দিচ্ছে এবং অধ্যক্ষ ও অভিযুক্ত শিক্ষার্থীর বাড়ির এলাকায়ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

শিক্ষককে অপদস্থ করার ঘটনার শুরু একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। কলেজেরই একাদশ শ্রেণির এক শিক্ষার্থী ভারতের বিজেপির বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মাকে প্রণাম জানিয়ে ১৭ জুন পোস্টটি দিয়েছিল। পরদিন অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস কলেজের শিক্ষক, ওই শিক্ষার্থীর বাবা ও কলেজ পরিচালনা পরিষদের কয়েকজন সদস্যকে ডেকে বিষয়টি নিয়ে আলোচনা করেন। সিদ্ধান্ত অনুযায়ী ওই শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করা হয়। কিন্তু শিক্ষার্থীকে নিয়ে যেতে পুলিশকে বাধা দেওয়া হয়। অপদস্থ করা হয় শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে।

আরও পড়ুন
আরও পড়ুন