পঞ্চমবারের চেষ্টায় বিকাশ এজেন্টকে হত্যা করে ছিনতাইকারী চক্রটি: পুলিশ
প্রথম চারবারের চেষ্টায় ব্যর্থ হয় ছিনতাইকারী চক্রটি। এরপর পঞ্চমবারে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বিকাশ এজেন্ট আনোয়ারুল ইসলাম ওরফে আইয়ুবকে (৪০) হত্যা করতে পারে তারা।
লালমনিরহাট পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে আজ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা। তিনি বলেন, এ হত্যা মামলায় গ্রেপ্তার মো. শান্ত মিয়া (২৫) আজ দুপুরে লালমনিরহাটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গত ২০ এপ্রিল দিবাগত রাত একটার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বত্রিশহাজারী গ্রামে আইয়ুব আলীকে কুপিয়ে হত্যা করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যান দুর্বৃত্তরা। এ ঘটনায় পরদিন কালীগঞ্জ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহত ব্যক্তির বড় ভাই আমিনুর ইসলাম। এরপর কালীগঞ্জ থানার পুলিশ সন্দেহভাজন হিসেবে ছয়জনকে গ্রেপ্তার করে।
তাঁদের মধ্যে আশরাফুল আলম ওরফে আফতাবুল (৩০) গত ১০ মে লালমনিরহাটের সংশ্লিষ্ট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী প্রযুক্তির সহায়তায় গতকাল সোমবার গাজীপুরের জয়দেবপুর থেকে মো. শান্ত মিয়াকে গ্রেপ্তার করে কালীগঞ্জে নিয়ে আসে পুলিশ। এরপর আজ দুপুরে তাঁকে আদালতে নেওয়া হয়।
মো. শান্ত মিয়া নেত্রকোনার পূর্ব ধলা উপজেলার জৈঠেবর গ্রামের খোকন মিয়ার ছেলে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, ঘটনার মাসখানেক আগে এক রাতে আসামিরা কালীগঞ্জের চাপারহাট কলেজ মাঠে গোপন বৈঠক করে বিকাশ এজেন্ট আনোয়ারুল ইসলামকে হত্যা করে টাকার ব্যাগ ছিনতাইয়ের সিদ্ধান্ত নেন। এর পর থেকে বিভিন্ন সময় চারবার চেষ্টা করেও ব্যর্থ হন তাঁরা।
ঘটনার রাতে আনোয়ারুল ইসলাম চাপারহাটের দোকান বন্ধ করে মোটরসাইকেল করে বাড়িতে ফিরছিলেন। পথে রাত পৌনে একটার দিকে বত্রিশহাজারী গ্রামের ধনঞ্জয় কেচুর বাড়িসংলগ্ন কাঁচা সড়কে পৌঁছালে ওত পেতে থাকা আসামিরা তাঁকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করেন এবং তাঁর সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনতাই করে পালিয়ে যান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মারুফা জামাল, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম গোলাম রসুল, ওসি (তদন্ত) গুলফামউল ইসলাম।
বিকেলে মো. শান্ত মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জানিয়ে পুলিশ সুপার আবিদা সুলতানা সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আসামি আশরাফুল আলম ঘটনার পরিকল্পনাসহ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। আর আনোয়ারুল ইসলামকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করেন শান্ত মিয়া। তাঁরা পরস্পর বন্ধু এবং বিভিন্ন ছিনতাইয়ের সঙ্গে জড়িত।